স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা ব্যক্তিগতভাবে পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, একজন জনপ্রতিনিধি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির এমন মন্তব্য নারীর সাংবিধানিক ও অর্থনৈতিক অধিকারের পরিপন্থী এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

গত ১০ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে তিনি বলেন, “স্বামী-স্ত্রী দুইজন চাকরি করুক, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কেন করি না? এটা হয় কি, এর প্রভাবটা গিয়ে পড়ে সন্তানদের ওপর।”

১২ নভেম্বর বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে সংগঠনটি জানায়, নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালনকারী একজন প্রতিমন্ত্রীর কাছ থেকে নারীর কর্মজীবন নিয়ে এমন নেতিবাচক ও পশ্চাৎমুখী বক্তব্য অপ্রত্যাশিত। এ ধরনের মন্তব্য নারীর সমতা প্রতিষ্ঠা ও অধিকার সুরক্ষার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করে।

মহিলা পরিষদের মতে, নারীর কর্মজীবন ও অর্থনৈতিক অংশগ্রহণ তাঁর সাংবিধানিক অধিকার এবং নাগরিক হিসেবে সমান মর্যাদার অংশ। নারীর পেশাগত জীবনকে সন্তান লালন-পালনের প্রতিবন্ধক হিসেবে উপস্থাপন করা বৈষম্যমূলক সামাজিক ধারণাকে শক্তিশালী করে। সংগঠনটি প্রতিমন্ত্রীর বক্তব্যকে সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ ও দায়িত্বহীন বলেও উল্লেখ করেছে।

প্রতিমন্ত্রীর বক্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন বাংলাদেশে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ, অর্থনৈতিক স্বাধীনতা এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। পোশাকশিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনসহ বিভিন্ন খাতে নারীরা কাজ করছেন। তাঁদের কর্মজীবন শুধু ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতার বিষয় নয়; পরিবারের আর্থিক নিরাপত্তা ও দেশের অর্থনীতির সঙ্গেও যুক্ত।

সন্তান লালন-পালনের দায়িত্বকে কেন্দ্র করে নারীর চাকরি নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে পরিবারের ভেতরে দায়িত্ব বণ্টনের বৈষম্যও গুরুত্বপূর্ণ। সন্তান প্রতিপালন মা ও বাবা উভয়ের যৌথ দায়িত্ব। অথচ প্রচলিত সামাজিক ব্যবস্থায় গৃহস্থালি কাজ ও পরিচর্যার বড় অংশ নারীদের ওপর বর্তায়। কর্মজীবী নারীদের জন্য পর্যাপ্ত ডে-কেয়ার, মাতৃত্বকালীন সুবিধা, নিরাপদ যাতায়াত ও পরিবারবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার পরিবর্তে তাঁদের কর্মজীবনকে নিরুৎসাহিত করার প্রবণতা নারীর অর্থনৈতিক অংশগ্রহণে বাধা তৈরি করতে পারে।

তথ্যসূত্র:

Leave a Reply