২০২৬ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে অন্তত ২০ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর ১১ জন এবং এইচএসসির ফল প্রকাশের পর নয়জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে আঁচল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এইচএসসির ফল প্রকাশের মাত্র ১০ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে নয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং পরিবার ও স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এসব ঘটনার হিসাব সংকলন করেছে সংগঠনটি।
এইচএসসির ফল প্রকাশের পর আত্মহত্যা করা নয় শিক্ষার্থীর মধ্যে পাঁচজন ছাত্রী ও চারজন ছাত্র। বিভাগভিত্তিক হিসাবে খুলনা বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাট জেলায় পাঁচটি ঘটনা শনাক্ত করেছে আঁচল ফাউন্ডেশন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়ায় একটি করে ঘটনা ঘটেছে।
সংগঠনটির প্রাথমিক পর্যবেক্ষণে এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল না পাওয়া, পারিবারিক প্রত্যাশা, সামাজিক চাপ এবং ফলাফলকেন্দ্রিক হতাশার মতো বিষয় উঠে এসেছে। তবে প্রতিটি ঘটনার কারণ আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।
আঁচল ফাউন্ডেশন বলছে, পরীক্ষার ফলাফলকে জীবনের সাফল্য বা ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকটকে আরও গভীর করতে পারে। ফল প্রকাশের সময় শিক্ষার্থীরা বাড়তি মানসিক চাপের মধ্যে থাকতে পারে। তাই ফলাফল প্রকাশ ও পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রস্তুতির পাশাপাশি তাদের মানসিক সুস্থতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া জরুরি।
বিশেষ করে পরীক্ষায় অকৃতকার্য হওয়া বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সহানুভূতিশীল আচরণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। শিক্ষার্থীদের অপমান, ভর্ৎসনা, অন্যের সঙ্গে তুলনা কিংবা অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে হতাশা, সামাজিক বিচ্ছিন্নতা, অতিরিক্ত অপরাধবোধ কিংবা আচরণগত পরিবর্তন দেখা দিলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সহায়তার ব্যবস্থা করার কথাও বলেছে তারা।
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ ও ফলাফল-পরবর্তী মানসিক সংকট মোকাবিলায় সাত দফা সুপারিশ করেছে আঁচল ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে, ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং চালু করা; অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা; পরীক্ষায় ব্যর্থ হওয়া যে জীবনে ব্যর্থতা নয়, সে বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সচেতন করা; ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণে সহায়তা কার্যক্রম চালু করা; সহজলভ্য, গোপনীয় ও বিনা মূল্যে মানসিক স্বাস্থ্যসেবা এবং জরুরি সহায়তা সম্প্রসারণ করা; হতাশা মোকাবিলা ও সহায়তা চাওয়ার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো।
তথ্যসূত্র:

Leave a Reply