নেত্রকোনা জেলা সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলেও চিকিৎসক, নার্স, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য জনবলের সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। হাসপাতালটি পরিচালিত হচ্ছে মূলত ১০০ শয্যার জনবল ও সরবরাহ কাঠামো দিয়ে। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন মাত্র ৩০ জন চিকিৎসক।
২০২৫ সালের অক্টোবরে ৪৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন নয়তলা ভবনের মাধ্যমে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে শয্যাসংখ্যা বাড়লেও সে অনুযায়ী জনবল কাঠামো সম্প্রসারণ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিদ্যমান ১০০ শয্যার কাঠামোয় চিকিৎসকের অনুমোদিত ৬৮টি পদের মধ্যে ৩৮টি পদই শূন্য। এ ছাড়া নার্সের ছয়টি, তৃতীয় শ্রেণির কর্মচারীর ১৯টি এবং চতুর্থ শ্রেণির কর্মচারীর ১০টি পদ খালি রয়েছে। হাসপাতালটিতে ব্লাড ব্যাংকের জন্যও নির্দিষ্ট কোনো জনবল নেই।
হৃদ্রোগ, চক্ষু, অ্যানেসথেসিয়া ও দন্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগেও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। প্রয়োজনীয় বিশেষজ্ঞ ও চিকিৎসাসুবিধা না থাকায় জটিল রোগীদের প্রায়ই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে।
হাসপাতালের রোগীর চাপের চিত্রও সংকটের গভীরতা তুলে ধরে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রায় ২ লাখ ৪৪ হাজার ৫১১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন গড়ে রোগীর সংখ্যা প্রায় ৮০৪ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ২৮২ জন, অর্থাৎ দৈনিক গড়ে প্রায় ১৫২ জন।
গত ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩৮৫ জন। অথচ কার্যকরভাবে চালু থাকা শয্যা মাত্র ১০০টি। অর্থাৎ সেদিন ধারণক্ষমতার অতিরিক্ত ২৮৫ জন রোগীকে চিকিৎসা দিতে হয়েছে। এমনকি ঘোষিত ২৫০ শয্যার হিসাবেও রোগীর সংখ্যা ১৩৫ জন বেশি ছিল।
ওষুধ ও খাবারের সরবরাহেও রয়েছে ঘাটতি। হাসপাতালটি ১০০ শয্যার বরাদ্দ অনুযায়ী বছরে প্রায় ৪ কোটি টাকার ওষুধ ও চিকিৎসাসামগ্রী পায়। বর্তমান রোগীর চাপের তুলনায় এই বরাদ্দ অপর্যাপ্ত হওয়ায় অনেক রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।
খাবারের বরাদ্দও ১০০ জন রোগীর হিসাবেই দেওয়া হয়। অথচ ৭ নভেম্বর হাসপাতালের ১১টি ওয়ার্ডে ভর্তি ছিলেন ৩৮৫ জন রোগী। ফলে সব রোগীকে নিয়মিত খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাজহারুল আমিন জানান, খাবারের সংকট সামাল দিতে পালাক্রমে খাবারের ব্যবস্থা করতে হচ্ছে।
হাসপাতালটিতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) নেই। ফলে হৃদ্রোগ, শ্বাসকষ্টসহ গুরুতর জটিলতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সও দুই বছরের বেশি সময় ধরে অচল। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনা একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হলেও সেটি মূলত চিকিৎসক দলের কাজে ব্যবহৃত হচ্ছে, রোগী পরিবহনে নয়।
চিকিৎসাসেবা নিতে এসে ভোগান্তির শিকার হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। কেন্দুয়ার আইনজীবী রুকন উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, ৮০ বছর বয়সী বাবাকে দুই দিন হাসপাতালে ভর্তি রাখার পরও প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাঁকে ময়মনসিংহে নিয়ে যেতে হয়েছে। ৭ নভেম্বর শিশু ওয়ার্ডে ভর্তি ছিল প্রায় ১৫৯ শিশু, অথচ ওয়ার্ডটির শয্যাসংখ্যা মাত্র ১০টি। শ্বাসকষ্টে আক্রান্ত এক নবজাতককেও আইসিইউ সুবিধা না থাকায় ময়মনসিংহে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ ২৫০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর জন্য অতিরিক্ত ২২৯টি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ১১৫টি পদের প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। পরবর্তী অনুমোদনের জন্য তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক একরামুল হাসান জানান, ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে প্রয়োজনীয় জনবল, ওষুধ ও খাবারের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল হক জানান, জনবল বাড়ানোর প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন করেছে। এখন পরবর্তী অগ্রগতি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভর করছে।
তথ্যসূত্র
Prothom Alo — ২৫০ শয্যার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসক আছেন ৩০ জন (5 October 2026)

Leave a Reply