১০ নভেম্বর ২০২৬
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাউল গানের একটি আসর বন্ধ করে দিয়েছে পুলিশ। জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ জেলার বাউল ও গ্রামীণ গান-বাজনার আয়োজন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পর এ ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।
ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, স্থানীয় বাসিন্দারা এসব অনুষ্ঠান নিয়ে বিভিন্ন অভিযোগ করেছেন। এসব আয়োজনে ‘অসামাজিক কার্যকলাপ’ চলে এবং মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হয় বলেও অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ওঠার পর পুলিশ সুপার এ ধরনের অনুষ্ঠানের বিষয়ে আপত্তি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুমতি না দেওয়ার নির্দেশ দেন বলে জানান ওসি।
এর আগে রোববার (৮ নভেম্বর) জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় হুইপ জি কে গউছ হবিগঞ্জে বাউল গান ও গ্রামীণ সাংস্কৃতিক আয়োজন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, এলাকার মানুষ গ্রামীণ গান-বাজনা পছন্দ করেন না এবং সম্ভব হলে পুরো জেলাজুড়ে, অন্তত তাঁর নির্বাচনী এলাকায়, এ ধরনের আয়োজন বন্ধ রাখা উচিত। একই সভায় ওরস, গান, বাণিজ্য মেলা ও শিল্প মেলার নামে অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
হুইপের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, অশ্লীলতা বা আইনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকলে নির্দিষ্ট ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সামগ্রিকভাবে বাউল ও লোকজ সংগীতের আয়োজন বন্ধের উদ্যোগ কতটা যুক্তিসংগত। তাঁদের মতে, বাউলগান, পালাগান ও যাত্রাপালা বাংলার লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদ খা নামের এক ব্যক্তি প্রশ্ন তোলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাজ কি মানুষের সাংস্কৃতিক চর্চার পথ বন্ধ করে দেওয়া? তিনি বলেন, কোনো আয়োজনে অশ্লীলতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে; কিন্তু সেই অজুহাতে সব ধরনের গানের আয়োজন বন্ধ করা উচিত নয়।
আব্দুল করিম কিম নামের আরেক ব্যক্তি প্রশ্ন করেন, গানের অনুষ্ঠান আয়োজনের জন্য পুলিশের অনুমতির প্রয়োজন কেন। তাঁর বক্তব্য, কোনো অনুষ্ঠানে আইনবিরোধী বা অশালীন কর্মকাণ্ড ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে পারে, কিন্তু আগামভাবে সংগীত আয়োজন বন্ধ করা সাংস্কৃতিক চর্চার ওপর নিয়ন্ত্রণ তৈরি করে।
তথ্যসূত্র

Leave a Reply