জাতিসংঘে এলজিবিটিকিউ+ অধিকার ও প্রজননস্বাস্থ্য অধিকারের অগ্রগতি বাধাগ্রস্ত করতে ‘প্রো-লাইফ, প্রো-ফ্যামিলি কোর গ্রুপ’ নামে একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশের ডানপন্থী রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার সমর্থনও রয়েছে এই উদ্যোগে। আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের আশঙ্কা, জোটটি গঠিত হলে জাতিসংঘের বিভিন্ন আলোচনায় যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার এবং এলজিবিটিকিউ+ মানুষের সুরক্ষার পক্ষে প্রস্তাব ও নীতিমালা বাধাগ্রস্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এলজিবিটিকিউ+ বিষয়ক অনুসন্ধানী সংবাদমাধ্যম আনক্লোজেটেড মিডিয়ার ১ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কের মিলেনিয়াম হিলটন হোটেলে ‘গ্লোবাল ফোরাম ফর লাইফ, ফ্যামিলি অ্যান্ড ফ্রিডমস’ নামে দুই দিনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা, লাতিন আমেরিকার ডানপন্থী রাজনীতিক, ধর্মীয় সংগঠনের নেতা এবং রক্ষণশীল সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল জাতিসংঘে একটি নতুন ‘প্রো-লাইফ, প্রো-ফ্যামিলি’ কোর গ্রুপ গঠনের পরিকল্পনা এগিয়ে নেওয়া।
মেক্সিকোভিত্তিক রক্ষণশীল সংগঠক ও ইবেরো-আমেরিকান কংগ্রেস ফর লাইফ অ্যান্ড ফ্যামিলির প্রতিষ্ঠাতা আরন লারা এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা। তাঁর বক্তব্য অনুযায়ী, জাতিসংঘের বিদ্যমান এলজিবিটিআই কোর গ্রুপের কার্যক্রমের বিপরীতে সংগঠিত রক্ষণশীল অবস্থান তৈরির লক্ষ্যেই নতুন জোট গঠনের পরিকল্পনা করা হচ্ছে। লারা ও তাঁর সহযোগীরা সম্মেলনে আগামী কয়েক মাসের মধ্যে জোট গঠনের পরিকল্পনা প্রণয়নে সম্মত হন।
২০০৮ সাল থেকে জাতিসংঘে এলজিবিটিআই কোর গ্রুপ কাজ করছে। ৪২টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত এই অনানুষ্ঠানিক আন্তঃআঞ্চলিক জোটের লক্ষ্য জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম, মানবাধিকার প্রস্তাব ও নীতিনির্ধারণী আলোচনায় এলজিবিটিকিউ+ মানুষের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পক্ষে কাজ করা। এটি জাতিসংঘের আনুষ্ঠানিক কোনো সংস্থা নয়। নতুন প্রস্তাবিত জোটটি এই বিদ্যমান উদ্যোগের বিপরীতে অবস্থান নিতে চায়।
আনক্লোজেটেড মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন জোট গঠনের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে দেশটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে থাকা ভ্যালেরি হুবার এই উদ্যোগের অন্যতম সমন্বয়কারী। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর উইমেনস হেলথের নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া ১৭ সেপ্টেম্বরের সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা অংশ নেন।
এই উদ্যোগের পেছনে ২০২০ সালে স্বাক্ষরিত জেনেভা কনসেনসাস ডিক্লারেশনও গুরুত্বপূর্ণ। ৪৬টি দেশের সমর্থন পাওয়া এই অ-বাধ্যতামূলক ঘোষণায় গর্ভপাতবিরোধী অবস্থান এবং পরিবারকে সমাজের ভিত্তি হিসেবে উপস্থাপনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সমালোচকদের মতে, ঘোষণাটির কাঠামো নারীর প্রজননস্বাস্থ্য অধিকার এবং এলজিবিটিকিউ+ মানুষের অধিকার সীমিত করার রাজনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্র ট্রাম্পের প্রথম মেয়াদে ঘোষণাটিতে যুক্ত হলেও জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় এসে দেশটিকে সেখান থেকে প্রত্যাহার করে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র আবারও এতে যোগ দেয়।
নারীস্বাস্থ্য ও প্রজনন অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আইপাসের একটি গবেষণাপত্রে বলা হয়েছে, প্রস্তাবিত কোর গ্রুপের মাধ্যমে গর্ভপাতবিরোধী ও এলজিবিটিকিউ+ অধিকারবিরোধী সরকারগুলো জাতিসংঘের আলোচনায় সমন্বিতভাবে ভোট দেওয়ার সুযোগ পেতে পারে। এর ফলে যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকারসংক্রান্ত ভাষা ও প্রস্তাব দুর্বল করা, আটকে দেওয়া কিংবা শর্তযুক্ত করার চেষ্টা হতে পারে। গবেষণাপত্রে আরও বলা হয়েছে, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক মানবাধিকারকে বৈশ্বিক চাপ হিসেবে উপস্থাপন করে জাতীয় সার্বভৌমত্বের যুক্তিতে অধিকারবিরোধী নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইনস্টিটিউট ফর উইমেনস হেলথের ‘প্রোটেগো’ প্রকল্পের মাধ্যমে কিছু দেশে যৌনশিক্ষা ও পরিবার পরিকল্পনা বিষয়ে রক্ষণশীল কাঠামো প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। গুয়াতেমালা ২০২৩ সালে এবং উগান্ডা ২০২৪ সালে এ কাঠামোর সঙ্গে যুক্ত হয়। এ ধরনের শিক্ষাব্যবস্থায় যৌনতা বিষয়ে সংযম ও বিবাহকে কেন্দ্র করে শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। মানবাধিকারকর্মীদের আশঙ্কা, এতে বিষমকামী সম্পর্কের বাইরে থাকা মানুষ এবং এলজিবিটিকিউ+ তরুণদের যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও শিক্ষায় প্রবেশাধিকার সীমিত হতে পারে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আউটরাইট ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মারিয়া শোদিন আনক্লোজেটেড মিডিয়াকে বলেন, প্রস্তাবিত জোটের পরিকল্পনা বাস্তবায়িত হলে জাতিসংঘে এলজিবিটিকিউ+ মানুষের মৌলিক অধিকার সুরক্ষার প্রচেষ্টা আরও কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে আইপাসের গিলিয়ান কেইন মনে করেন, নতুন জোট গঠনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন, অংশীদার ও পরিকল্পনা ইতোমধ্যে তৈরি হয়েছে।
তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ‘প্রো-লাইফ, প্রো-ফ্যামিলি কোর গ্রুপ’ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। আইপাসের গবেষণাপত্রেও সতর্ক করা হয়েছে, নাগরিক সমাজের সংগঠনগুলোর উদ্যোগকে জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতিপ্রাপ্ত আন্তরাষ্ট্রীয় জোট হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না। প্রস্তাবিত জোটের প্রকৃত ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক অবস্থান নিয়ে অতিরঞ্জিত ধারণা তৈরি না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের মতো আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার, লিঙ্গসমতা, যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার নিয়ে দীর্ঘদিনের অগ্রগতির বিপরীতে সংগঠিত রাজনৈতিক জোট গঠনের এই উদ্যোগ বিশ্বজুড়ে এলজিবিটিকিউ+ অধিকার আন্দোলনের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
তথ্যসূত্র:

Leave a Reply