উচ্চশিক্ষায় জেন্ডার সমতা নিয়ে গোলটেবিল আলোচনা

২৩ সেপ্টেম্বর, ২০২৬। 

ফার্মগেট 

উচ্চশিক্ষায় জেন্ডার সমতা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা এবং বিশেষ করে এলজিবিটিকিউ+ শিক্ষার্থীদের প্রতি বৈষম্য ও সহিংসতা নিয়ে ২৩ সেপ্টেম্বর ঢাকার দ্য ডেইলি স্টারের আজিমুর রহমান কনফারেন্স হলে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিকদের আয়োজনে আলোচনায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এলজিবিটিকিউ+ শিক্ষার্থীদের হয়রানি, বুলিং, বয়কট, ব্যক্তিগত তথ্য ও পরিচয় প্রকাশসহ সাম্প্রতিক বৈষম্য ও সহিংসতার ঘটনা, এর প্রভাব এবং করণীয় নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে নাগরিকদের ভূমিকা, সংহতি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মানদণ্ড নিয়েও আলোচনা হয়। গোলটেবিল বৈঠকে আলোচকদের মধ্যে ছিলেন আনু মুহাম্মদ, জয়া সিকদার, সামিনা লুৎফা, তাসাফফী হোসেন, সজীব তানভীর, জোহান আরাজ খান, কাশফিয়া নাহরীন অরিত্রী এবং অলিউর সান। উপস্থিত ছিলেন, মোঃ হাসিবুর রহমান, মুনতাসির রহমান, নিকি জামান, রেইন আন্নাপূর্না, ইয়াসিন আলী, দুর্লভ নিব্রাজ, নীল ইমতিয়াজ পাভেল, তৃষিয়া নাশতারান, মোঃ রফিকুল ইসলাম, মোশফেক আরা শিমুল, লাবনী আশরাফী, নাজিয়া মনজুর, মারুফ ভুঁইয়া, বীথি ঘোষ, ত্রিয়ানা, তামান্না ইয়াসমীন মারিয়া, সুমি আনজুমান ও ফয়সাল জামান। 

বৈঠকের শুরুতে সঞ্চালক জনাব নির্ণয় ইসলাম বলেন, বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে। তাই পরিচয়, লিঙ্গ, যৌন অভিমুখিতা বা প্রতিবন্ধিতার কারণে কোনো শিক্ষার্থীর নিরাপত্তা, স্বাধীনতা বা মর্যাদা খর্ব করা যায় না। শিক্ষার অধিকার শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সুযোগ নয়; এর সঙ্গে সমতা, বৈষম্য ও হয়রানি থেকে সুরক্ষা, নিরাপত্তা, মর্যাদা, মতপ্রকাশ এবং নিরাপদ পরিবেশে শেখার অধিকারও যুক্ত। এলজিবিটিকিউ+ পরিচয়ের কারণে কোনো শিক্ষার্থী বঞ্চনা, হয়রানি বা সহিংসতার শিকার হলে তা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সমস্যা হিসেবে নয়, মানবাধিকারের বিষয় হিসেবে বিবেচনা করা প্রয়োজন। শিক্ষার্থীদের ন্যূনতম শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা দেশের শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্রের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।

সামিনা লুৎফা শিক্ষার্থীদের নাগরিক ও শিক্ষার অধিকার, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, পরিচয় প্রকাশসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের নিপীড়ন ও নিরাপত্তাহীনতার ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দায় রয়েছে এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থী সংগঠন, রাজনৈতিক সংগঠন ও ইউজিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কর্তৃপক্ষের প্রতি তিনটি দাবি তুলে ধরে তিনি বলেন—নিপীড়ন ও হয়রানি বন্ধ করা, হয়রানি থেকে মুক্ত থাকার অধিকার এবং প্রত্যেক শিক্ষার্থীর নিরাপদে শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে।

রুশাদ ফরিদি সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এসব ঘটনায় অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছে না এবং আইনের শাসনের ঘাটতি দেখা যাচ্ছে। তাঁর মতে, দেশের আইনের শাসনের সংকটের প্রতিফলন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখা যায়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তোলা এবং সামাজিক সংগঠনের মাধ্যমে কমিউনিটির চাপ তৈরি করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

জয়া শিকদার বলেন, জেন্ডার-বৈচিত্র্যময় শিক্ষার্থীদের পরিচয়ের কারণে শিক্ষা ও আবাসন থেকে বঞ্চিত করা তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎকে সংকটে ফেলছে। হয়রানি ও বঞ্চনার ফলে শিক্ষার্থীদের আত্মহত্যার মতো পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন, শিক্ষার সুযোগ ও কর্মসংস্থান থেকে বঞ্চিত ট্রান্স শিক্ষার্থীদের অনেকেই বাধ্য হয়ে হিজড়াগিরি বা ভিক্ষাবৃত্তির মতো পেশায় যেতে বাধ্য হন। রাষ্ট্রকে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত, নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা এবং ট্রান্স ও সমকামীসহ সব শিক্ষার্থীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।

আনু মুহাম্মদ বলেন, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলতে ভয় কাজ করলেও নিপীড়নকারীরা সেই ভয় পায় না। তাঁর মতে, জেন্ডার-বৈচিত্র্যময় মানুষের ওপর বৈষম্য সমাজে প্রচলিত বৃহত্তর বৈষম্যেরই অংশ। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের প্রসঙ্গ তুলে বলেন, এ দেশের সংবিধানে মৌলিক অধিকার ও নাগরিকের মর্যাদা নিয়ে এমন কিছু স্বীকৃতি রয়েছে, যা এ অঞ্চলের ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন। অথচ আজ সংবিধান ও গণতন্ত্র নিয়ে যারা কথা বলেন, তাদেরই অনেকে মানুষের মৌলিক অধিকার ও নিজস্ব পরিচয়ের অধিকারকে সম্মান করেন না। তিনি আরও বলেন, সম্পর্কের বৈধতা নির্ধারণের ক্ষেত্রে ভালোবাসা, সম্মান ও পারস্পরিক সম্মতিকে গুরুত্ব দেওয়া উচিত; নিপীড়ন ও সহিংসতাকে বৈধতার মানদণ্ড করা যায় না। নারী ও জেন্ডার-বৈচিত্র্যময় মানুষের ওপর নিপীড়নের ক্ষেত্রে সমাজের দ্বৈত মানদণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এলজিবিটিকিউ+ কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং শিক্ষার্থী জোহান আরাজ খান বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে একই ধরনের একটি প্রবণতা দেখা যাচ্ছে—টিপিক্যাল নারী-পুরুষ পরিচয়ের বাইরে থাকা শিক্ষার্থীদের পরিচয়কে একমাত্রিকভাবে দেখানো, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং নানা ধরনের হয়রানি করা। তাঁর মতে, অনেক শিক্ষার্থী এসব পরিস্থিতি অপছন্দ করলেও পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে চুপ থাকেন। সাম্প্রতিক বহিষ্কারের ঘটনাগুলোকে তিনি ‘উইচ-হান্টিং’-এর মতো প্রাতিষ্ঠানিকভাবে মানুষকে টার্গেট করার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। হাবিপ্রবি, সরকারি ইউনানি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডুয়েট, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন—এলজিবিটিকিউ+ পরিচয়ের কারণে আর কতজন শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিষয়টিকে জাতীয় শিক্ষা সংকট হিসেবে বিবেচনা করা হবে?

জায়মা ইসলাম বলেন, জুলহাজ মানান হত্যার পর বাংলাদেশে এলজিবিটিকিউ+ বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে আলোচনা শুরু হলেও এখনও অনেক ক্ষেত্রে নীরবতা ও ক্ষতিকর সংবাদ পরিবেশনের প্রবণতা রয়েছে। তিনি বলেন, সব গণমাধ্যমের কাছ থেকে একই ধরনের সম্পাদকীয় অবস্থান আশা করা না গেলেও, মানুষের ন্যূনতম সাংবিধানিক অধিকার রক্ষার প্রত্যাশা করা যায়। গণমাধ্যম কোনো বিষয়ে সহায়তা করতে না পারলেও যেন এমন সংবাদ না করে, যা কমিউনিটির আরও ক্ষতি করে—এটি নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের জন্য জেন্ডার ও এলজিবিটিকিউ+ বিষয়ক প্রশিক্ষণ আবারও চালু ও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

কাশফিয়া নাহরীন অরিত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা শিক্ষকদের দায়িত্ব হলেও নানা বাধার কারণে তা সবসময় সম্ভব হয় না। বিশেষ করে এলজিবিটিকিউ+ বিষয় নিয়ে শ্রেণিকক্ষে আলোচনা করতেও অনেক শিক্ষককে সতর্ক থাকতে হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের পরিচয় নির্বিশেষে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি এবং শিক্ষকদেরও এ বিষয়ে সচেতন করতে হবে। শিক্ষার্থীদের সহযোগিতা করতে গিয়ে শিক্ষকরা যেন সহিংসতার শিকার না হন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকদের নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।

অলিউর সান বলেন, মানুষের প্রতি মানুষের আচরণ, সহনশীলতা ও ভিন্নতাকে সম্মান করার শিক্ষা প্রাথমিক পর্যায় থেকেই নিশ্চিত করা প্রয়োজন। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক হলেও এই মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে শৈশবের শিক্ষায়। তিনি আরও বলেন, জুলহাজ মানান হত্যাকাণ্ডসহ এলজিবিটিকিউ+ ব্যক্তিদের ওপর সহিংসতার ঘটনায় সরকারগুলোর নীরবতা উদ্বেগজনক। সব পরিচয়ের মানুষের বিরুদ্ধে সংঘটিত ধর্ষণের বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও আইনি ঘাটতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বৈষম্যবিরোধী আইনের খসড়া এখনও ঝুলে আছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বৈঠক শেষে আমন্ত্রিত অতিথিরাও তাদের মন্তব্য এবং বক্তব্য পেশ করেন। উনাদের মধ্যে মুনতাসীর রহমান, ছাত্রদের একজনের বক্তব্য পড়ে শুনান। এছাড়াও অধিকারকর্মী তৃষিয়া নাশতারান,  মোশফেক আরা শিমুল, লাবনী আশরাফী, রেইন আন্নাপূর্না বৈঠকের বিষয়বস্তু সম্পর্কের তাদের মূল্যবান মতামত ও মন্তব্য জানান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন তাসাফফী হোসেন।  

Leave a Reply