লেখকঃ নিজস্ব প্রতিবেদক/ গণমানুষ
এইডস প্রসঙ্গে দেশি মিডিয়ার সবচেয়ে আগ্রহের যায়গা হল এইডস কারা বেশি ছড়ায় সেটা খুঁজে বের করা। কোন মিডিয়ার দাবী রোহিঙ্গারা বেশি এইডস ছড়ায়, কারো মনে হয় যৌনকর্মীরা বেশি দায়ী, আবার কেউ কেউ নিশ্চিত সমকামীরাই এখানে আসল কালপ্রিট। রাষ্ট্র অবশ্য সরাসরি দোষারোপ করে না, বছর বছর একটা করে পরিসংখ্যান বের করে দায় সারে। এই দায় সারা এবং দায় আরোপের মধ্যে যারা বারবার দায়মুক্তি পেয়ে যায় তারা হল দেশের শিক্ষা আর জনস্বাস্থ্য ব্যবস্থা।
বাংলাদেশে প্রথম এইচআইভি শনাক্ত হয় ১৯৮৯ সালে, আর প্রথম মৃত্যুর রেকর্ড ২০০০ সালে। তার ৩২ বছর পরে, ২০২১ সাল থেকে ২০২২ সালের মধ্যে নতুন শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৪৭ জন, আর মারা যায় ২৩২ জন রোগী। আক্রান্তদের মধ্যে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ছিলেন ১২৮ জন। বাকি ৮১৯ জন এ দেশের নাগরিক। দেশের নাগরিকরা সংখ্যায় রোহিঙ্গাদের অনেক গুণে ছাড়িয়ে গেলেও তখন এইচআইভি ছড়ানোর দায় ঠেলে দেওয়া হয় রোহিঙ্গা শরণার্থীদের। দেশি-বিদেশি এনজিওগুলো রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মুড়ি মুড়কির মতন কনডম বিতরণ শুরু করে, সচেতনতামূলক ক্যাম্পেইন করে। অনেক মানুষের কর্মসংস্থান হয় এতে- তা অস্বীকার করছি না। 1
এরপর ২০২৩ সালে দেশ এইচআইভি সংক্রমণের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল। ২০২২ থেকে ২০২৩ পর্যন্ত দেশে নতুন এইচআইভি ভাইরাস শনাক্তের সংখ্যা ১,২৭৬ জন। তাদের মধ্যে রোহিঙ্গা ১৫৮ জন, বাকিরা সবাই দেশের নাগরিক। সিংহভাগ পুরুষ, অল্পসংখ্যক নারী, আর মাত্র নয়জন “তৃতীয়লিঙ্গের” মানুষ। এখানে বলে রাখা ভালো, “নতুন শনাক্তের সংখ্যা” মানে কিন্তু মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা নয়।
২০২৩ সালের ইউএনএইডসের রিপোর্ট অনুযায়ী দেশে এইচআইভি আক্রান্তদের মাত্র ৫৬% শনাক্ত হন, বাকিরা সারাজীবন নীরবে ভাইরাস শরীরে বয়ে বেড়ান। এরমধ্যে রোহিঙ্গা, যৌনকর্মী কিংবা এলজিবিটিকিউ কমিউনিটির মতন কিছু জনগোষ্ঠীকে “ঝুঁকিপূর্ণ” তকমা দিয়ে তাদের মধ্যে বাড়তি সচেতনতামূলক কার্যক্রম করা হয়, মূলধারায় যেটা একেবারেই করা হয় না।
“ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী” শব্দটাও আরও খোলাসা করা দরকার। কারণ এই শব্দটার ভুল ব্যখ্যা, অপব্যখ্যা এবং শব্দের মারপ্যাঁচে দায় আরোপের রাজনীতি আমরা প্রায়ই দেখি। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী মানে “অন্যের জন্য ঝুঁকিপূর্ণ” নয়, বরং বোঝায় যে এই জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি আছে। সেই ঝুঁকির জন্য দায়ী কিন্তু সেই জনগোষ্ঠী নয়, বরং তারা যে সিস্টেমের অংশ সেই সিস্টেমের বৈষম্যবাদী চরিত্রের দায়।
বছর বছর বিভিন্ন কমিউনিটিকে “ঝুঁকিপূর্ণ” ঘোষণা দিয়ে, তাদের এইচআইভি ছড়ানোর অপবাদ দিয়ে এইচআইভি প্রতিরোধের চেষ্টা কোনকালেই কাজ করে নি। এভাবে আলাদা করে টার্গেট করার জন্য বরং সমাজে ঘৃণা বাড়ে, সামাজিক এবং মেডিকেল সহিংসতার সম্ভাবনা বাড়ায় রোগীরা চিকিৎসা সেবা নিতে নিরুৎসাহিত হয়, এবং শুধু “কমিউনিটি কেন্দ্রিক” প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে জনগোষ্ঠীর বড় অংশকে এই সচেতনতা থেকে বাদ দিয়ে এই ভাইরাসকে আরও ছড়ানোর সুযোগ করে দেওয়া হয়।
২০২৩ এর পরে, এইচআইভি ছড়ানোর তালিকায় এলজিবিটিকিউ কমিউনিটির নাম প্রচার করা শুরু করা হয়। বিভিন্ন রিপোর্টে বলা হয় আক্রান্তদের মধ্যে “বড় একটা অংশ” এমএসএম (এটাও একটা মেডিকেল পরিভাষা, যেটাকে সমকামী পরিচয়ের সাথে প্রায়ই মিলিয়ে ফেলা হয়)। যদিও সরকারী-বেসরকারি কোন পরিসংখ্যান নেই এই বিষয়ে, কিন্তু কয়েকটা বিভাগের পরিসংখ্যান দিয়ে সেটাকে জাতীয় পরিসংখ্যান বলে প্রচার করার একটা প্রবণতা দেখা যায়। যেমন, ২০২৬ সালে পাবনায় আক্রান্ত ১৬ জনের মধ্যে সাতজন সমকামী সম্পর্কে জড়িত বলে খবর আসে। যখন নির্দিষ্ট কোন সংখ্যা হাতে আসে না তখন “বড় একটা অংশ সমকামী” হিসেবে হেডলাইন হয়। এই “বড়” একটা অংশ আসলে কত বড়, এবং এখানে সংখ্যাগুরু কারা সেটা নিয়ে মিডিয়ায় আলাপ হয় না, আমরাও আলাপ করতে চাই না। কারণ আমরা মনে করি ব্যক্তির পরিচয় এখানে মুখ্য নয়, দেশের নাগরিক (কিংবা শরণার্থী) হিসেবে প্রত্যেকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে। এখানে আক্রান্ত ব্যক্তিদের যৌনজীবনের তথ্য কিভাবে মিডিয়ার কাছে যায়, এবং গোপনীয়তার মতন সাংবিধানিক অধিকার লঙ্ঘনের দোষ কাকে রেখে কাকে দিবো সেটা একটা বড় প্রশ্ন।
এই দোষ দেওয়া- নেওয়ার মধ্যে যেটা হারিয়ে যায় সেটা হল দেশে যারা এইচআইভি আক্রান্ত হচ্ছে তারা প্রায় সবাই বয়সে তরুণ। বাংলাদেশ এখনো এইচআইভি সংক্রমণের হারে নিচের দিকে অবস্থান করছে। কিন্তু গত কয়েক বছরের পরিসংখ্যান ঘাঁটলে খুব অল্প সময়ে এইচআইভি সংক্রমণ বৃদ্ধির হার পাওয়া যায় তাকে এড়িয়ে গেলে এই দেশে এইচআইভি মহামারি পর্যায়ে পৌঁছাতে খুব বেশি সময় নেই। দেশের গণস্বাস্থ্য নিয়ে যাদের মাথাব্যথা থাকার কথা তাদের উদাসীনতাই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
এই দেশে স্কুলে যৌনশিক্ষা বলতে কিছু হয় না। কিশোর কিশোরীদের যৌনশিক্ষার প্রথম মাধ্যম অমুক তমুক বন্ধু, এবং পর্ন সাইট। নিরাপদ যৌন চর্চা কী, কেন, কিভাবে, সেটা না শিখেই তারা বড় হয়। ২০২৪ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, মাত্র ৪০% শিক্ষার্থী জীবনে কখনো কনডম ব্যবহার করেছেন। সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররাও নিরাপদ যৌন চর্চা করে না, তৃণমূলে গেলে চিত্রটা কেমন দাঁড়ায় সেটা অনুমান করা কঠিন না। “সংখ্যাগুরু” যৌন পরিচয়ের মানুষদের মধ্যে নিরাপদ যৌন আচরণ নিয়ে অজ্ঞতাই প্রমাণ করে যে এইখানে যৌন পরিচয় একটা গৌণ বিষয়।
যৌনরোগ নিয়ে কথা বলতে গেলেই নৈতিকতার প্রশ্ন আসে। কিন্তু যৌনরোগ নৈতিকতার প্রশ্ন নয়, স্বাস্থ্যসেবার প্রশ্ন। ক্ষুধা কিংবা ঘুমের মতন যৌন চাহিদা একটা স্বাভাবিক জৈবিক চাহিদা, এই চাহিদাকে নীতি দিয়ে আটকানো যাবে না, শিক্ষাব্যবস্থা আর স্বাস্থ্যসেবায় পরিবর্তন ছাড়া যৌনরোগ ছড়ানো বন্ধ করা যাবে না।
কোন জিনিসকে ট্যাবু বানিয়ে রাখলেই সেই জিনিস চলে যায় না। যৌনতাকে, যৌনরোগকে রোগ হিসেবে না দেখে ট্যাবু হিসেবে দেখা হয় বলেই বেশিরভাগ মানুষ এইচআইভি টেস্টই করায় না। আর টেস্ট করালেও পরবর্তীতে স্বাস্থ্যসেবা পেতে যে হেনস্তা আর লজ্জার শিকার হতে হয় সেটা চিন্তা করে রোগীরা স্বাস্থ্যসেবা নিতে চায় না। তাই চিকিৎসা ছাড়াই ভুগতে থাকে দেশের ২৬% এইচআইভি পজেটিভ রোগী।
এইডস প্রতিরোধে জনগোষ্ঠীর দিকে আঙ্গুল তাক না করে যে শিক্ষা ব্যবস্থায় নিরাপদ যৌনশিক্ষা নেই সেই শিক্ষাব্যবস্থার দিকে আঙ্গুল তাক করা উচিত। যেই চিকিৎসা ব্যবস্থায় রোগীরা গোপনীয়তার সাথে টেস্ট করাতে পারে না, প্রয়োজনীয় চিকিৎসা পায় না, সেই চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্ন করা উচিত। না হলে এই পাল্টাপাল্টি দায় আরোপের বলী হবে দেশের তরুণরা।
References
Country sees sharp rise in HIV cases- Daily star report
Country sees rise in HIV infections, deaths
নীরবে বাড়ছে এইডস, নেই কোনো সতর্কতা
26% of HIV patients remain untreated
এই দেশে ৪০ শতাংশ সমকামী এইচআইভি তে আক্রান্ত বলে সংবাদ প্রচার
পাবনায় এইচআইভি আক্রান্ত ১৬ জনের ৭ জনই সমকামী

Leave a Reply