প্রেস বিজ্ঞপ্তি
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও শিক্ষার অধিকার নিশ্চিতের দাবি সচেতন নাগরিকদের
দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হয়রানি, বয়কট, বুলিং, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, মব-সহিংসতা এবং হল বা প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের সাম্প্রতিক ঘটনাগুলোর প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও শিক্ষার অধিকার নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিরাপদে হলে থাকা, নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়া এবং ভয়, হয়রানি বা সহিংসতার আশঙ্কা ছাড়া শিক্ষা সম্পন্ন করা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। কোনো শিক্ষার্থীর পরিচয়, মত, বিশ্বাস বা ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে তাকে শিক্ষা থেকে বঞ্চিত করা, হয়রানি করা বা সহিংসতার মুখে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয় বরং তা রাষ্ট্রের ব্যর্থতা।

সংবাদ সম্মেলনে ১৩৫ নাগরিকের স্বাক্ষরিত নাগরিক বিবৃতি ও ৮ দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানি ও সহিংসতার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং বৈষম্যহীন শিক্ষার পরিবেশ তৈরির দাবি জানান।
সংবাদ সম্মেলনটি সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডাইভার্স ফেমেনিস্টের আহ্বায়ক ও শিক্ষক, নির্ণয় ইসলাম। উক্ত সম্মেলনে বহ্নিশিখার আহ্বায়ক, তাসাফী হোসেন, রেড ফেমেনিস্ট ব্লকের আহ্বায়ক, মারজিয়া প্রভা, ট্রান্সজেন্ডার মানবাধীকার কর্মী জয়া শিকদার, LGBTQIA+ একটিভিস্ট ও ব্যাঞ্জনা ফাউন্ডেশনের আহ্বায়ক মুনতাসীর রহমান,মন্দ্রের আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান এবং শিক্ষক ও নৃবিজ্ঞানী নাসরিন সিরাজ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে বহ্নিশিখার আহ্বায়ক তাসাফী হোসেন বলেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা কেবল নীতিগত ঘোষণা দিয়ে প্রতিষ্ঠিত হয় না; এর জন্য প্রয়োজন কাঠামোগত পরিকল্পনা এবং জবাবদিহিতা।একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক কাঠামোতে আদিবাসী জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, LGBTQIA+ মানুষ, নারীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পরবর্তী বক্তব্যে রেড ফেমিনিস্ট ব্লকের আহ্বায়ক মারজিয়া প্রভা বলেন, মৌলিক অধিকার কোনো নির্দিষ্ট পরিচয় বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ হতে পারে না। আলোচনায় বারবার ধর্ম লৈঙ্গিক পরিচয় বা জীববিজ্ঞানের প্রসঙ্গ টেনে শিক্ষার্থীদের অধিকারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কিন্তু পরিচয় একটি সামাজিক বাস্তবতার সঙ্গেও সম্পর্কিত এবং প্রত্যেক শিক্ষার্থী, অন্য সব নাগরিকের মতোই, নিরাপত্তা ও শিক্ষার অধিকার রাখে। কারও অধিকার দাবি করার অর্থ অন্যকে আক্রমণ বা সহিংসতার অধিকার দাবি করা নয়।
ট্রান্সজেন্ডার মানবাধিকার কর্মী জয়া শিকদার হিজড়া ও ট্রান্স শিক্ষার্থীদের প্রসঙ্গে বলেন, সমাজ একদিকে হিজড়া জনগোষ্ঠীর নির্দিষ্ট পেশায় যুক্ত থাকার বিষয়টি নিয়ে অভিযোগ তোলে, অন্যদিকে তাদের শিক্ষা, কর্মসংস্থান ও স্বাধীনভাবে জীবনযাপনের সুযোগও সীমিত করে রাখে। এই দ্বৈত অবস্থান পরিবর্তন করা প্রয়োজন তা নাহলে সমাজ ও রাষ্ট্রের মানবসম্পদ হিসেবে তাদের অবদান রাখার পথই সংকুচিত করা হচ্ছে। একই সাথে বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দাবি করা হলে, হিজড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও পদক্ষেপ গ্রহন করতে হবে।
জয়া শিকদারের বক্তব্যের পর LGBTQIA+ কর্মী ও ব্যাঞ্জনা ফাউন্ডেশনের আহ্বায়ক মুনতাসীর রহমান বলেন, একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ পাওয়া কোনো বিশেষ সুবিধা নয়; এটি স্বাভাবিক অধিকার। পরিচয় বা যৌনতা নিয়ে অভিযোগের ভিত্তিতে অনেক শিক্ষার্থীর পড়াশোনা ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। শিক্ষার্থীদের শিক্ষা থেকে বিচ্ছিন্ন না করে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব প্রতিষ্ঠানগুলোর।
সংবাদ সম্মেলনটির সভাপতি ও ডাইভার্স ফেমিনিস্টের আহ্বায়ক ও শিক্ষক নির্ণয় ইসলাম বলেন, আমরা অনেক সময় ন্যূনতম নিরাপত্তা ও মর্যাদাকেই স্বাভাবিক প্রত্যাশা হিসেবে মেনে নিতে অভ্যস্ত হয়ে পড়েছি। ফলে একটি ভালো ও নিরাপদ শিক্ষাজীবন কেমন হতে পারে, সেটিও ভুলে যাই। একজন শিক্ষক কোনো শিক্ষার্থীর বক্তব্য বা পরিচয় পছন্দ না করলেও তাকে পক্ষপাতহীনভাবে মূল্যায়ন করা এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করা শিক্ষকের দায়িত্ব। ক্যাম্পাসে কোনো সহিংসতার ঘটনা ঘটলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব; আর জনসমক্ষে পুলিশের উপস্থিতিতে কোনো নাগরিক সহিংসতা, হয়রানি বা বৈষম্যের শিকার হলে তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠানও এর বাইরে নয়। LGBTQIA+ শিক্ষার্থীদের বিরুদ্ধে বৈষম্য, হয়রানি বা সহিংসতাকে কোনোভাবেই গন্তান্ত্রিক রাষ্ট্রের প্রশ্রয় দেওয়া উচিৎ না। শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব হলো প্রত্যেক শিক্ষার্থীর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।
সব শেষে,মন্দ্রের আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান বলেন ঔপনিবেশিক আমলের Penal Code-এর ৩৭৭ ধারা, যেখানে তথাকথিত “অপ্রাকৃতিক যৌন সম্পর্ক”-কে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ফলে যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার কিশোর, পুরুষ, হিজড়া, ট্রান্সজেন্ডার ও আন্তঃলিঙ্গ ব্যক্তিদের জন্য আইনি সুরক্ষার কোন সুজোগ নেই। ৬০০ জন আলেম কতৃক দাবীকৃত বিবৃতিতে ৩৭৭ ধারার প্রয়োগের উপর জোর দেওয়া হয়েছে, ৩৭৭ ধারা একটি বৈষম্যমূলক আইন, এই আইনকে বাতিল না করে বরং প্রয়োগ বাড়ানো হলে শিক্ষা প্রতিষ্ঠানের যৌন সহিংসতা এবং সম্মতিপূর্ণ যৌন সম্পর্ককে এক করে দেখার ঝুঁকি আরও বাড়বে। তাই যৌন সহিংসতার প্রতিটি ভুক্তভোগীর জন্য বয়স, লিঙ্গ, যৌন অভিমুখিতা বা লিঙ্গপরিচয় নির্বিশেষে ভুক্তভোগীকেন্দ্রিক আইনি সুরক্ষা নিশ্চিত করা জরুরি। একই সাথে মাদ্রাসায় ঘটিত শিশু যৌন নির্যাতনকে ‘শিশুকামী’ বলে চিহ্নিত করাটাও ঠিক নয় যেখানে বাংলাদেশে বাল্যবিবাহ একটি বাস্তবতা যার বিরুদ্ধে অনেক বছরের সংগ্রাম জারি আছে। নারী ও শিশু নির্যাতন আইনে একজন ছেলে শিশু ১৭ বছর পর্যন্ত এই আইনী সুরক্ষা পাওয়ার সুজগ রয়েছে কিন্তু একজন কিশোর ১৮ বছর বয়স হলেই কি সে যৌন সহিংসতা মামলা থেকে সুরক্ষা পেয়ে যাবে! প্রশ্নোত্তর পর্বে ‘যদি LGBTQIA+ শিক্ষার্থীদের নিজেদের পরিচয় নিয়ে থাকার অধিকার থাকে, তাহলে অন্য শিক্ষার্থীদের তাদের বয়কট করার অধিকার থাকবে কি না’ এমন প্রশ্নের উত্তরে বক্তারা বলেন, কোনো শিক্ষার্থীর পরিচয় বা অধিকারকে কেন্দ্র করে তাকে হয়রানি, বর্জন বা সহিংসতার মুখে ঠেলে দেওয়াকে শিক্ষার্থীর মৌলিক অধিকারের অংশ হিসেবে বিবেচনা করা যায় না। শিক্ষা প্রতিষ্ঠানে মতপার্থক্য থাকলেও তা মোকাবিলার জন্য নিরাপদ ও বৈষম্যহীন প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া থাকা প্রয়োজন।
পরবর্তীতে ‘সচেতন নাগরিক’ পরিচয় কেন ব্যবহার করা হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে বক্তারা বলেন, এটি কোনো একক সংগঠনের ব্যানারে নয় বরং বিভিন্ন সংগঠন, শিক্ষক, অধিকারকর্মী ও নাগরিকদের উদ্বেগ ও দাবিকে সামনে আনার একটি যৌথ নাগরিক উদ্যোগ।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে দাবি নতুন নয়। তবে বর্তমান সময়ে শিক্ষার্থীদের পরিচয়, ব্যক্তিগত তথ্য, অনলাইন কার্যক্রম ও ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে হয়রানি এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক বর্জনের নতুন মাত্রা যুক্ত হয়েছে। ফলে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
Section 377-এর অপব্যবহার এবং ‘শিশু সুরক্ষা’র নামে সমকামিতাকে অপরাধ বা যৌন নির্যাতনের সঙ্গে এক করে দেখানোর প্রসঙ্গে বক্তারা বলেন, শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও শিশু সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শিশুদের সুরক্ষার প্রয়োজনকে ব্যবহার করে সম্মতিপূর্ণ যৌন সম্পর্ক, যৌন অভিমুখিতা বা LGBTQIA+ পরিচয়কে যৌন নির্যাতনের সঙ্গে এক করে দেখা উচিত নয়। বক্তারা Section 377-এর ঔপনিবেশিক ইতিহাস এবং এর বর্তমান সামাজিক ও রাজনৈতিক ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেনএ সময় বক্তারা আরও বলেন, মৌলিক অধিকার ও নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্র ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কোনো নির্দিষ্ট পরিচয় বা গোষ্ঠীর জন্য আলাদা হতে পারে না। শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও শিক্ষার অধিকার নিশ্চিত করা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক দায়িত্ব।
সংবাদ সম্মেলনে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টায় একটি গোলটেবিল আলোচনা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। আলোচনার ভেন্যু পরবর্তীতে জানানো হবে।
যোগাযোগ:
সচেতন নাগরিকদের পক্ষ থেকে

নাগরিক বিবৃতি সংযুক্ত করা হলোঃ
নাগরিক বিবৃতি
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (৩০ জুলাই, ১ ও ১১ আগস্ট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট, ২৫ জুলাই), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি, ১৭ মে) এবং বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বয়কট, হয়রানি, বুলিং, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং হল বা প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের ঘটনা সামনে এসেছে।
কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের সেই মৌলিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। LGBTQIA+ পরিচয় বা ‘সমকামিতা’র অভিযোগকে কেন্দ্র করে চলমান একই ঘটনার পুনরাবৃত্তি এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে উল্লেখিত ব্যবস্থা গ্রহন করা, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নিরাপত্তা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব নিয়ে যে গুরুতর প্রশ্ন তোলে তা হল, আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে কাদের জন্য? যে শিক্ষা ব্যবস্থা জাতির ভবিষ্যৎ তৈরি করে, সেই শিক্ষা ব্যবস্থাই যদি তার শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার অধিকার রক্ষা করতে না পারে, তাহলে আমরা কেমন ভবিষ্যৎ তৈরি করছি? এই শিক্ষার্থীদের নিরাপত্তা, শান্তি ও স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করার দায়িত্ব কি রাষ্ট্রের নয়?
শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী প্রধান পরিচয় সে একজন শিক্ষার্থী। যৌন অভিমুখিতা বা লিঙ্গ পরিচয় একান্ত ব্যক্তিগত তথ্য, কোনো মানহানির নয় এবং রাজনৈতিক বিরোধের অস্ত্রও নয়। কোনো শিক্ষার্থীকে এ কারণে হেয় করা এবং সেই হয়রানির বিরুদ্ধে প্রতিষ্ঠানিক পদক্ষেপ না নিয়ে নীরব থাকা মানে সহিংসতা এবং অধিকার খর্ব করাকে প্রশ্রয় দেয়া, শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নিজদের ব্যর্থ প্রমান করা। এই ব্যর্থতার দায় একইসাথে রাষ্ট্রেরও। যথাযথ সময়োচিত পদ্ক্ষেপের অভাব একটি বৃহত্তর সামাজিক বৈষম্য ও অনিরাপত্তাকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে, যা আমরা প্রত্যাখ্যান করি।।
আমরা নাগরিক হিসেবে মনে করি,এসব পুনরাবৃত্তিমূলক ঘটনাগুলোকে কেবল কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া বিচ্ছিন্ন শৃঙ্খলামূলক ব্যবস্থা হিসেবে দেখার কোনো সুযোগ নেই, এর মধ্য দিয়ে একজন নাগরিকের নিরাপত্তা, গোপনীয়তা, মর্যাদা এবং শিক্ষার অধিকার হুমকির মুখে পড়ে। শিক্ষা প্রতিষ্ঠান যদি তথাকথিত “সাধারণ শিক্ষার্থী” বা মবের চাপের মুখে শিক্ষার্থীকে সুরক্ষা দিতে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত উক্ত শিক্ষার্থীকে হল বা প্রতিষ্ঠান থেকে অপসারণ /বহিষ্কার করে , তাহলে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুরক্ষার মৌলিক দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে আমরা প্রশ্ন করি এবং তার জবাবদিহিতা দাবি করি।
আমরা জোর দিয়ে বলতে চাই যে, একজন শিক্ষার্থীদের যখন হামলা, হয়রানি, অপমান, গোপনীয়তা লঙ্ঘন বা জোরপূর্বক উচ্ছেদের শিকার হন, তখন তার শিক্ষা, নিরাপত্তা ও স্বাভাবিক জীবযাপনে যে ক্ষতি ও অনিশ্চয়তা তৈরি হয়, রাষ্ট্র বা প্রশাসনের সেই দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যেসব শিক্ষার্থী এই জুলুম ও হয়রানির শিকার হয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষাজীবনে সৃষ্ট ক্ষতির প্রতিকারসহ মানসিক ও শারীরিক ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে, যারা হয়রানি, ভয়ভীতি, লুটপাট, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বা এ ধরনের বর্বরোচিত আক্রমণের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কারো পরিচয়ই তার ওপর হামলা, অপমান বা সহিংসতার বৈধতা হতে পারে না।
“স্বতঃস্ফূর্ত” মবের লক্ষ্যভিত্তিক হয়রানি ও হামলাকে যেই প্রতিষ্ঠানে স্বাভাবিক হতে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না, সেই প্রতিষ্ঠান কোন নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং এটাই প্রতিয়মান হয় যে উক্ত প্রতিষ্ঠান সহিংসতার সংস্কৃতিই লালন করে।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সমকামী, LGBTQIA+ ও হিজড়া পরিচয়কে ক্রমাগত সামাজিকভাবে হেয় করা হচ্ছে এবং একজন শিক্ষার্থীর যৌন ও লিঙ্গ প সেই পরিচয়কে প্রয়োজনমতো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়, ফলে দিনশেষে সেই পরিচয়ের মানুষদেরই বলির পাঁঠা হিসেবে দাঁড় করানো হয়।
বিশেষ করে, কোনো শিক্ষার্থী মব-সহিংসতার শিকার হলে তাকে সুরক্ষা দেওয়ার পরিবর্তে শৃংখলা এবং নৈতিকতার প্রশ্ন তুলে অনেক ক্ষেত্রে হল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তার শিক্ষাজীবন অনিশ্চিত করে দেওয়া হচ্ছে। অথচ এসব শিক্ষার্থীর জিনিসপত্র লুট করা, ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ কিংবা তাদের সম্মতি ছাড়া গোপনে ভিডিও ধারণ ও প্রচারের ঘটনাগুলোকে একইভাবে ‘অনৈতিক’ বা শাস্তিযোগ্য আচরণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে না। নৈতিকতার প্রশ্ন যদি তোলা হয়, তাহলে তা সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হতে হবে। এই ধরণের দ্বৈত নীতি অনুসরণ করে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত জীবন, সম্পত্তি, গোপনীয়তা ও নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার পরও প্রতিষ্ঠান নীরব থাকলে, সেই নীরবতা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়; এটি বৈষম্য ও সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার আরেকটি রূপ।
হয়রানি অনলাইনে হোক, আবাসিক হলে হোক বা ক্যাম্পাসে, শিক্ষা প্রতিষ্ঠান তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। অনলাইন হয়রানিকে ক্যাম্পাসের বাইরের বিষয় বলে পাশ কাটানো যাবে না; হলে ঘটে যাওয়া হয়রানিকে ব্যক্তিগত বিরোধ বলে এড়িয়ে যাওয়া যাবে না; আর মবের চাপের কারণে শিক্ষার্থীকে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠান তার দায়িত্ব শেষ করতে পারে না।
একজন শিক্ষার্থীকে নিরাপদ রাখার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের। একজন নাগরিকের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। সেই দায়িত্ব পালনে ব্যর্থতার মূল্য কোনো শিক্ষার্থীকে তার শিক্ষাজীবন, নিরাপত্তা বা মর্যাদা দিয়ে দিতে হতে পারে না।
একজন শিক্ষার্থীর শিক্ষার অধিকার শুধু শ্রেণিকক্ষে প্রবেশের আনুষ্ঠানিক অধিকার নয়। নিরাপদে হলে থাকা, নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়া এবং ভয় বা হয়রানি ছাড়া শিক্ষা সম্পন্ন করার বাস্তব সুযোগও এর অংশ।
একইভাবে, শিক্ষার্থীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণ, অনুমতি ছাড়া সেই ভিডিও সংরক্ষণ বা প্রচার এবং পরে সেই ভিডিওকে অভিযোগ বা প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহার করাও গুরুতর উদ্বেগের বিষয়। এখানে শুধু ভিডিওতে কী আছে, তা নয়; কার অনুমতি ছাড়া ভিডিও করা হয়েছে, কে করেছে এবং সেই গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও তদন্তের বিষয়। নাগরিকের গোপনীয়তা লঙ্ঘন একটি দণ্ডনীয় অপরাধ, তাই এই ঘটনাগুলোতে প্রতিক্রিয়া জানানো কেবল প্রতিষ্ঠান নয়, রাষ্ট্রেরও দায়িত্ব।
আমরা এসব ধারাবাহিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।আমাদের শিক্ষার্থীদের নিরাপদে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে হবে। তাদের হল, ক্যাম্পাস ও শিক্ষাজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থীকে তার শিক্ষা, নিরাপত্তা বা মর্যাদা বিসর্জন দিয়ে ন্যায়বিচার পেতে হবে—এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দাবি সমূহ:
১। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানে কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়া ও ভিত্তিহীন অভিযোগে দেওয়া সকল বহিষ্কারাদেশ অবিলম্বে বাতিল করতে হবে এবং শিক্ষার্থীদের হল এবং ক্লাসে ফেরার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২। শিক্ষার্থী বা ব্যক্তির প্রাইভেসি লঙ্ঘন, মোবাইল তল্লাশি, ব্ল্যাকমেইলিং, ব্যক্তিগত ভিডিও ধারণ বা প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি, মব ও উস্কানিদাতাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৩। যেকোনো অভিযোগের ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, নিরপেক্ষ তদন্ত এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ ব্যতিরেকে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া নিষিদ্ধ করতে হবে।
৪। শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, সংঘবদ্ধ হয়রানি, ও ক্ষমতার অপব্যবহারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নীরব না থেকে প্রকাশ্যে অবস্থান নিতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫। উচ্চশিক্ষা প্রাঙ্গণে সকল শিক্ষার্থীর নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, শারীরিক ও মানসিক সুরক্ষা এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা কোনো ধরনের ভয়, হয়রানি বা নিপীড়নের আশঙ্কা ছাড়াই নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে ।
৬। শিক্ষার্থীদের ওপর সংঘটিত শারীরিক ও মানসিক ক্ষতি নিরসনে প্রয়োজনীয় সহায়তা, প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
৭। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ হয়রানি, ভয়ভীতি, শারীরিক আক্রমণ ও সহিংসতার কোনো স্থান নেই; শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগের নিষ্পত্তি হতে হবে নির্ধারিত প্রাতিষ্ঠানিক ও ন্যায়সংগত প্রক্রিয়ার মাধ্যমে।
৮। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে কার্যকর যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে এবং সকল শিক্ষার্থীর জন্য অভিযোগের নিরাপদ ও ন্যায়সঙ্গত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের বিরুদ্ধে সংঘটিত এসব ঘটনা এবং তাদের নিরাপত্তা ও শিক্ষার অধিকারের ওপর এর প্রভাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন সামাজিক, পেশাগত ও নাগরিক পরিসরে সক্রিয় ১৩৫ জন নাগরিক। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানবাধিকারকর্মী, শিল্পী, শিক্ষার্থী, অধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবী।
স্বাক্ষরকারী,
ডাইভার্স ফেমেনিস্ট, বহ্নিশিখা, রেড ফেমিনিস্ট ব্লক, ব্যাঞ্জনা ফাউন্ডেশন, ও মন্দ্র ।

Leave a Reply