Press release

হিজড়া, কোতি, ট্রান্সজেন্ডার, আন্তলিঙ্গ এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর রাজনৈতিক ইশতেহার

আমরা বাংলাদেশি হিজড়া, কোতি, ট্রান্স জেন্ডার, আন্তলিঙ্গ এবং লিঙ্গ বৈচিত্র্যময় মানুষেরা। যারা শত  বছরের ঔপনিবেশিক গ্লানি, অসম্মানজনক পরিস্থিতি ও নির্যাতনের শিকার হয়ে টিকে আছি। আমরা সেই জনগোষ্ঠী যারা বাংলাদেশের জন্মলগ্ন থেকে নাগরিক হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছি, আমরা তারাই যারা নিজেদের সম্প্রদায় তৈরি করি যারা সমাজ থেকে বিচ্যুত জনগোষ্ঠী , রাষ্ট্র নির্মিত কাঠামোয় প্রান্তিকিকরণের প্রক্রিয়ায় পৃষ্ঠ হচ্ছি প্রতিনিয়ত। আমরা ছিলাম ও আছি স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে, মানবাধিকার আন্দোলন, নারীবাদী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন , ছাত্র আন্দোলনে । আমরা আছি পাহাড় থেকে সমতলে ,আমরা আছি  সমুদ্র পাড় থেকে জঙ্গলে কোলে, আছি আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, প্রতিবন্ধী, হরিজন, দলিত, চা শ্রমিক , বেদে সম্প্রদায়ে। আছি সংখ্যালঘু ও সংখ্যাগুরুর মাঝে। আমরা আপনাদেরই ভাই, বোন ও স্বজন। 

শুধুমাত্র আমাদের লিঙ্গয় বহিঃপ্রকাশ, যৌন এবং শারীরিক বিচিত্রতার কারণে আমাদেরকে সংখ্যালঘু করে রেখেছেন আপনারা।

বাংলাদেশের সাম্প্রতিক সময়ে লিঙ্গ-বৈচিত্র্যময় মানুষের উপর যে সহিংসতা ও পদ্ধতিগত নির্যাতন নেমে এসেছে, তা কেবল বিচ্ছিন্ন ঘটনার তালিকা নয়; এটি রাষ্ট্র, সমাজ, জনতার নৈতিক আতঙ্ক এবং ক্ষমতার কাঠামোর মিলিত জোটের বহিঃপ্রকাশ। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ১৫ জন ট্রান্সজেন্ডার, হিজড়া এবং এলজিবিটিআইকিও+ মানুষকে এমন সামাজিক চাপ, ঘৃণা, বঞ্চনা এবং সংগঠিত এন্টি-ট্রান্স ক্যাম্পেইনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যা তাদের আত্মহত্যা ছাড়া আর কোন পথ খোলা রাখেনি। ছাত্র–জনতার গণআন্দোলনে এই সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ ছিল গণতান্ত্রিক ভবিষ্যৎ কেমন হতে পারে তার একটি দৃশ্যমান প্রতিশ্রুতি; অথচ আন্দোলন-পরবর্তী ক্ষমতার পুনর্বিন্যাস লিঙ্গ-বৈচিত্র্যময় মানুষদের বর্বর প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত করে। ৫টি হিজড়া পল্লীতে হামলা ও অগ্নিসংযোগ করে ঘরবাড়ি লুটপাট ও পুড়িয়ে দেওয়া হয়, ৭জনকে প্রকাশ্যে হত্যা করা হয়, কয়েকশত ট্রান্স মানুষ চাকরি হারায় আর প্রতিদিন ট্রান্স, কোতি, হিজড়া যৌনকর্মী ও সংস্কৃতি-কর্মীরা পদ্ধতিগত সহিংসতার ক্রমবর্ধমান ঢেউয়ের মুখে টিকে থাকার সংগ্রামে নিঃসঙ্গ হয়ে পড়েন তার হিসাব নেই।

আমারা আর অন্যান্য সাধারণ মানুষের মতো এই রাষ্ট্র এবং সমাজের কল্যাণে কাজ করতে চাই। নাগরিক হয়ে বেঁচে থাকার সুবিধা চাই, অধিকার চাই সম্মানের সাথে বেঁচে থাকতে । আমরা শিক্ষা এবং কর্মে যোগদানের সুযোগ চাই, ভোটের অধিকার চাই, নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সেই সকল হিজড়া, কোতি, ট্রান্স, আন্তলিঙ্গ এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে স্মরণ করতে যারা আমাদের অধিকার আদায়ের আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার সংগ্রামে যুক্ত হন , এটি আপনাদের দায় ও কর্তব্য।   

আমাদের দাবিগুলোঃ

১। হত্যার বিচার ও ন্যায় বিচার নিশ্চিত করা

এই সম্প্রদায়ের মানুষরা প্রায়শই সহিংসতা, হুমকি এবং হত্যাকান্ড সহ্য করতে বাধ্য হয়। আমরা চাই প্রত্যেক হত্যারকান্ডের যথাযথ তদন্ত ও শাস্তি হোক, এবং প্রান্তিক ও বৈচিত্র্যময় সকল জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত হোক। ন্যায় বিচারের নিশ্চয়তা শুধু আমাদের নয়, সমাজের সকল প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা করবে।

২. ভোট ও নাগরিক অধিকার স্বীকৃতি

বর্তমান ভোটার তালিকা অপ্রতিনিধিমূলক। নির্বাচনে মাত্র ১,২৩৪ জনকে তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা চাই সঠিক গণনা ও অন্তর্ভুক্তি নিশ্চিত হোক, যাতে হিজড়া, কোতি, ট্রান্স এবং অন্যান্য লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী সমানভাবে ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ পায়। এই নীতি সকল প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য।

৩. শিক্ষা ও চাকরিতে সমান সুযোগ ও কোটা

আমরা চাই শিক্ষা ও সরকারি চাকুরিতে কোটা ভিত্তিক সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হোক, যাতে আমাদের সম্প্রদায় সমানভাবে অংশ নিতে পারে। এটি একটি অন্তর্ভূক্তি নীতির অংশ হতে পারে, যেখানে সব প্রান্তিক জনগোষ্ঠী শিক্ষাগত ও পেশাগত ক্ষেত্রে সমানভাবে উন্নতি করতে পারে।

৪. বিয়ে ও পরিবার গঠনের অধিকার

প্রতিটি ব্যক্তির বিয়ে ও পারিবারিক জীবন গঠন করা একটি মানবাধিকার। আমরা চাই বিয়ে এবং পারিবারিক অধিকার সকলের জন্য সমানভাবে স্বীকৃত হোক, যাতে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীসহ সকল প্রান্তিক জনগোষ্ঠী সামাজিকভাবে স্বীকৃত ও নিরাপদ জীবন যাপন করতে পারে।

৫. স্বাস্থ্য ও মানসিক কল্যাণ

আমরা চাই বৈষম্যহীন স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং যৌন স্বাস্থ্যসেবা। হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি স্বাস্থ্যসেবা সকলের জন্য খোলা ও অন্তর্ভুক্তিমূলক হোক। আন্তলিঙ্গ ব্যক্তিদের জন্য চিকিৎসা ও স্বাস্থ্যসেবার স্বাধীনতা ও সম্মান বজায় রাখা হোক।

৬. পরিচয়পত্র ও আইডেন্টিটি স্বীকৃতি

আমরা চাই—ট্রান্সজেন্ডার মানুষের লিঙ্গ স্বীকৃতি এবং এনআইডি, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি নথিতে লিঙ্গ পরিবর্তনের স্বাধীনতা সহজীকরণ হোক।

  • ট্রান্সজেন্ডার নারী, ট্রান্সজেন্ডার পুরুষ এবং নন-বাইনারি হিসেবে স্বতন্ত্র লিঙ্গ বিকল্প অন্তর্ভুক্ত করা হোক।
  • লিঙ্গ পরিবর্তন করার প্রক্রিয়া সহজ হোক।
  • এটি আমাদের পূর্ণ নাগরিক অধিকার, সামাজিক স্বীকৃতি এবং স্বাধীনতা নিশ্চিত করবে।

৭. নিরাপত্তা ও আইনি অধিকার

আমরা চাই লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধে বিশেষ আইন, প্রোটোকল ও সচেতন নিরাপত্তা বাহিনী, যাতে প্রান্তিক জনগোষ্ঠী নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারে।

৮. কল্যাণ ও মানবাধিকার নিশ্চিত করতে সরকারি কমিশন

আমরা চাই একটি সরকারি কমিশন গঠন করা হোক, যা আমাদের কল্যাণ, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে, এবং একই সঙ্গে অন্যান্য প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্যও নীতিগত সহায়তা প্রদান করবে।

৯. সাংবিধানিক স্বীকৃতি

আমরা চাই হিজড়া, কোতি, ট্রান্স এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে বাংলাদেশের সংবিধানে স্বীকৃতি দেওয়া হোক, যাতে আমরা আইনগতভাবে নাগরিক অধিকার, নিরাপত্তা এবং সমান সুযোগের অধিকার নিশ্চিত করতে পারি।

১০. সংস্কৃতি চর্চার অধিকার

আমরা চাই আমাদের সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প ও পারফরম্যান্সের স্বীকৃতি এবং চর্চার সুযোগ। সরকারি, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উদ্যোগে আমাদের সাংস্কৃতিক অবদানকে স্বীকৃতি দেওয়া হোক, যাতে সমাজের বৈচিত্র্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।

১১. ধর্মীয় ও আধ্যাত্মিক স্বাধীনতা

আমরা চাই ধর্মীয় আচার, আধ্যাত্মিক চর্চা এবং ব্যক্তিগত বিশ্বাস স্বাধীনভাবে পালন করার অধিকার নিশ্চিত হোক। এই অধিকার লিঙ্গ বৈচিত্র্যময় মানুষের জন্য অবাধ, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের অংশ।

১২. রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ

আমরা চাই রাজনৈতিক কর্মসূচি, পার্টি, আন্দোলন ও নীতি-প্রণয়নে সমানভাবে অংশগ্রহণের সুযোগ। আমাদের সম্প্রদায়ের মানুষদের রাজনৈতিক প্রভাব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হোক।

১৩. আন্তর্জাতিক অংশগ্রহণ ও নীতি সংযোগ

আমরা চাই বাংলাদেশের লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতিনিধিকে আন্তর্জাতিক মানবাধিকার প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ, যাতে আমাদের নীতি, অভিজ্ঞতা ও উদ্ভাবনী সমাধান আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় করা যায়।

১৪. নির্বাচনী ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি

রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে আমাদের অধিকার ও সমান সুযোগ বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি জানাক। নির্বাচিত হলে আমাদের সম্প্রদায়ের কল্যাণ ও অধিকার সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করবে তা জনগণের কাছে প্রকাশ করা হোক, যাতে আমরা সচেতনভাবে ভোট দিতে পারি।

One response to “Trans Day of Remembrance 2025 (Bangla Manifesto)”

  1. Memory of TDOR 2025 and the Manifesto at Raju Memorial Avatar

    […] Ms Joya Sikder, read out the following which is a Google Translated version of the original Bangla text linked here See here for the Bangla Version […]

    Like

Leave a Reply