শীতকালীন সবজির ভালো ফলনও স্বস্তি আনতে পারেনি কৃষকদের জীবনে। বাজারে সরবরাহ বেড়েছে, কিন্তু সেই অনুপাতে চাহিদা না বাড়ায় পাইকারি পর্যায়ে কমছে দাম। উৎপাদন খরচ তো উঠছেই না, অনেক ক্ষেত্রে ফসল তোলা, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ মেটানোও কঠিন হয়ে পড়েছে। ঠাকুরগাঁওয়ে ফুলকপি ও বাঁধাকপি বিক্রি করে লোকসানের মুখে পড়ছেন চাষিরা। অন্যদিকে বগুড়ার মহাস্থানগড়ে ক্রেতা না পেয়ে অবিক্রীত মুলা রাস্তায় ফেলে যাচ্ছেন কৃষকেরা।

আজকের পত্রিকার ৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় এবার ফুলকপি ও বাঁধাকপির ফলন ভালো হয়েছে। কিন্তু পাইকারি বাজারে ৪৩ কেজির এক মণ কপির দাম পাওয়া যাচ্ছে মাত্র ৪০০ টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে প্রায় ৯ টাকা ৩০ পয়সা। অথচ কৃষকদের দাবি, খুচরা বাজারে একই সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকায়।

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার কৃষক মনসুর আলী দুই বিঘা জমিতে ফুলকপি চাষ করতে জমি তৈরি থেকে উৎপাদন পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেছেন। তাঁর আশঙ্কা, বর্তমান বাজারদরে ফসল বিক্রি করে ৮০ হাজার টাকার বেশি পাওয়া যাবে না। তাঁর ভাষ্য, মণপ্রতি ৪০০ টাকা দরে বিক্রি করলে শ্রমিকের খরচই ওঠে না। আরেক কৃষক শাহাবুদ্দিন জানান, প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে শ্রমিক নিয়ে ফসল তুলতে হচ্ছে। কিন্তু বিক্রির দাম কম হওয়ায় ফসল কাটবেন কি না, তা নিয়েও তাঁকে ভাবতে হচ্ছে।

কৃষকদের অভিযোগ, স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত সংরক্ষণাগার ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প না থাকায় মৌসুমে একসঙ্গে উৎপাদিত সবজি দ্রুত বিক্রি করতে হয়। ফলে বাজারে দাম কমে গেলেও ভালো দামের আশায় ফসল ধরে রাখার সুযোগ থাকে না। উৎপাদন ও বাজারজাতকরণের এই সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত সরবরাহের চাপ সরাসরি কৃষকদের ওপর পড়ছে।

বগুড়ার মহাস্থানগড়ের পাইকারি বাজারেও একই চিত্র দেখা গেছে। সেখানে ফুলকপি প্রতি মণ ৭০০ থেকে ৮০০ টাকা, বাঁধাকপি প্রতিটি ১৫ থেকে ২০ টাকা এবং মুলা প্রতি মণ ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছিল। বাজারে সবজির দাম এতটাই কমেছে যে, ফসল বিক্রির অর্থ দিয়ে পরিবহন ও শ্রমিকের মজুরি মেটানোও সম্ভব হচ্ছে না অনেক কৃষকের।

মহাস্থানগড়ের পাইকারি বাজারের আড়তদার ও সবজিচাষি রহেদুল ইসলাম তিন বিঘা জমিতে মুলা চাষ করেছেন। বাজারদর অব্যাহতভাবে কমতে থাকায় এবার তাঁর প্রায় ৩০ হাজার টাকা লোকসান হতে পারে বলে জানান তিনি। অন্যদিকে মোকামতলা উপজেলার শঙ্করপুর গ্রামের কৃষক জাহেদুর রহমান দুই মণ মুলা বিক্রির জন্য বাজারে এনেছিলেন। কিন্তু বিক্রির অর্থ দিয়ে ভ্যানভাড়া ও শ্রমিকের মজুরি মেটানো সম্ভব না হওয়ায় দেড় মণ বিক্রির পর অবশিষ্ট মুলা রাস্তার পাশে ফেলে যেতে বাধ্য হন তিনি।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম জানান, অনুকূল আবহাওয়ার কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আগাম ফুলকপি ও বাঁধাকপির চাষ হয়েছে। একসঙ্গে বেশি সবজি বাজারে আসায় দাম কমেছে। তাঁর মতে, সরবরাহ স্বাভাবিক হলে এবং শীত বাড়লে দাম আবার বাড়তে পারে। বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহানও ভালো ফলন ও বাজারে সরবরাহ বৃদ্ধিকে দাম কমার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি আলুর দাম কম থাকায় মানুষ তুলনামূলক কম সবজি কিনছেন বলেও জানান তিনি।

এই পরিস্থিতি কৃষিপণ্যের বাজারব্যবস্থায় কৃষকের দুর্বল অবস্থানকে সামনে এনেছে। উৎপাদনের ঝুঁকি ও খরচ বহন করেও কৃষকেরা নিজেরা পণ্যের দাম নির্ধারণ করতে পারছেন না। একদিকে কৃষক উৎপাদন খরচের নিচে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন, অন্যদিকে খুচরা বাজারে ভোক্তাকে তার চেয়ে কয়েক গুণ বেশি দাম দিতে হচ্ছে। সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও কার্যকর বাজারসংযোগের ঘাটতি দূর না হলে ভালো ফলনও কৃষকের জন্য লোকসানের কারণ হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র

Leave a Reply