তানিশা ইয়াসমিন চৈতি। একজন ট্রান্সজেন্ডার এবং হিজড়া অধিকারকর্মী, উদ্যোক্তা এবং কৃতী শিক্ষার্থী।  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করে ইতিহাস গড়েছেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞানে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) পরীক্ষায় ৪-এর মধ্যে ৩.৩০ সিজিপিএ অর্জন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গত ২৮ অক্টোবর তাঁর এই অর্জনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বাউবির সমাজবিজ্ঞান মাস্টার্স প্রোগ্রামে প্রথম হিজড়া ও ট্রান্সজেন্ডার শিক্ষার্থী হিসেবে এই ডিগ্রি অর্জন তাঁর জন্য যেমন ব্যক্তিগত সাফল্য, তেমনি প্রান্তিক জনগোষ্ঠীর জন্যও অনুপ্রেরণা।

তবে এই অর্জনকে ঘিরে স্বীকৃতি ও অভিনন্দনের পাশাপাশি তৈরি হয়েছে বিতর্ক। সম্মাননা প্রদান অনুষ্ঠানে চৈতির পরিচয় প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেন। শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বক্তব্য প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং তা না হলে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানায়। সংগঠনটির নেতারা ট্রান্সজেন্ডার পরিচয় নিয়ে অবমাননাকর ও বৈষম্যমূলক মন্তব্যও করেন।

পরবর্তী সময়ে ৩০ অক্টোবর নিজের ফেইসবুক পেইজ থেকে শিক্ষামন্ত্রী জানান, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে শব্দটি ব্যবহার করেছেন; তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করা।

এই বিতর্কের মধ্যে চৈতি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া, পুরোনো পরিচয় ও ছবি খোঁজার চেষ্টা, কর্মস্থল ও ব্যবসা নিয়ে উদ্বেগ এবং সামাজিকভাবে নিরাপত্তাহীনতার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী হিজড়া ও ট্রান্স পরিচয়ের কারণে শিক্ষাজীবনে বুলিংয়ের শিকার হওয়া থেকে শুরু করে সাম্প্রতিক অনলাইন আক্রমণ, সব মিলিয়ে তাঁর স্বাভাবিক জীবনযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা গভীরভাবে প্রভাবিত হয়েছে।

গণমানুষকে দেওয়া এই সাক্ষাৎকারে তানিশা ইয়াসমিন চৈতি তাঁর উচ্চশিক্ষার যাত্রা, ট্রান্সজেন্ডার পরিচয়ের কারণে বৈষম্য, সাম্প্রতিক বিতর্ক, কমিউনিটির সংকট এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন। সাক্ষাৎকারের প্রশ্ন ও উত্তর তাঁর দেওয়া ভাষাতেই অপরিবর্তিত রাখা হলো।

গণমানুষের পক্ষ থেকে সাক্ষাৎকার নিয়েছেনঃ কাজী

সাক্ষাৎকার: তানিশা ইয়াসমিন চৈতি

কাজীঃ উচ্চশিক্ষা অর্জনের পেছনে আপনার অনুপ্রেরণা কী ছিল?

চৈতিঃ আমি ছোটবেলা থেকেই পড়াশোনা করতে ভালবাসতাম। শিক্ষার্থী হিসেবেও ভালো ছিলাম। সবসময়ই চাইতাম পড়ালেখাটা চালিয়ে যেতে। আমার মা ও তাই চাইতেন। উনি সবসময় আমাকে পড়াশোনা করতে অনুপ্রেরণা দিয়েছেন।

কাজীঃ একজন ট্রান্সজেন্ডার ও হিজড়া মানুষ হিসেবে উচ্চশিক্ষা অর্জনে আপনার জার্নিটা কেমন ছিল?

চৈতিঃ আমার শারীরিক নানান পরিবর্তন শুরু হয় অনেক অল্পবয়সে। এজন্য পড়াশোনা শেষ করতে অনেক দেরি হয়। যখন অনার্সে পড়তাম তখন আমার জেন্ডার আইডেন্টিটির জন্য অনেক ব্যুলিইং এর শিকার হতে হত। এক সময় পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম। এরপর ডিগ্রীতে ভর্তি হই, তখন আমার শারীরিক পরিবর্তন শেষ হলেও নাম নিয়ে বিড়ম্বনায় পড়তে হত। তাই ডিগ্রী শেষ করার পরে আর পড়াশোনা চালিয়ে যাই নি। এরপর কাগজপত্রের ঝামেলা শেষ হওয়ার পরে মাস্টার্সে ভর্তি হই। মাস্টার্স শেষ করতে আমার তেমন কোন ঝামেলা হয় নি। শুধু মাঝখানে আবার এন্টি ট্রান্স মুভমেন্ট শুরু হওয়ার পরে ক্লাসে যেতে পারতাম না। কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক, সবাই আমাকে অনেক সমর্থন করেছেন। সহযোগীতা করেছেন। সবার একান্ত সহযোগিতায় আমি ভালোমতোই মাস্টার্স শেষ করেছি।

কাজীঃ ডিগ্রী শেষ করার পরে কেমন লাগছে?

চৈতিঃ মাস্টার্সটা আমি আসলে খুব মনোযোগ দিয়ে করেছি। অনেক পড়াশোনা করতাম, সবগুলো বিষয় মন দিয়ে পড়তাম। চাকুরি আর পড়াশোনা একসাথে চালাতে একটু অসুবিধা হত। কিন্তু সত্যি বলতে এখন ডিগ্রী শেষ করার পর পড়াশোনা, বিশ্ববিদ্যালয়, ক্লাস করা, সহপাঠীদের ফোনকল সবকিছু মিস করছি।

কাজীঃ আপনার ডিগ্রীকে ঘিরে একটা গোষ্ঠীর যে প্রতিক্রিয়া ছিল সেটা নিয়ে কিছু বলতে চান?

চৈতিঃ আমি আসলে উগ্রবাদটা একদম পছন্দ করি না। উনারা আমার একটা ছবি নিয়ে সব জায়গায় প্রচার করলেন। আমার আগের নাম- ছবি খুঁজে বের করার চেষ্টা করলেন। অনেক কম বয়সে আমার শারীরিক পরিবর্তন শুরু হওয়ায় ছবি খুঁজে পায় নি, কিন্তু নাম খুঁজে বের করেছে। সমাজসেবা অধিদপ্তরে আমার চাকুরী নিয়ে যে জটিলতা হয়েছিল সেটার কাগজপত্র খুঁজে বের করেছেন। আমাদের এলাকারই একটা স্থানীয় চ্যানেল থেকে আমার বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছিল। আমি একইসাথে ট্রান্স এবং হিজড়া। সেটা হিজড়া কমিউনিটির অনেকেই পছন্দ করে না। যারা আমার সাথে সামনাসামনি ভালো আচরণ করে তারাই আবার ফেসবুকে গিয়ে এসব পোস্টের কমেন্টে আমার ব্যক্তিগত তথ্য দিয়ে দেয়। আমার একটা পার্লার আছে। ব্যবসা করি। আমার ব্যবসার জায়গায় এই ঘটনাগুলো প্রভাব ফেলবে বলে আশংকা করছি। বেঁচে থাকাটাই আসল। আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেলে বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে। আমার সবসময় মানসম্মান হারানোর একটা ভয় থাকে, আমাকে সবাই ভালো জানত। কিন্তু এপ্রিলে একবার মব এটাক হওয়ার পরে আর এখনকার এই ঘটনাগুলোর পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আমি কোথাও আমার জেন্ডার প্রকাশও করি না, কারণ বেঁচে থাকাটাই আমার মূল লক্ষ্য।

কাজীঃ শিক্ষামন্ত্রী আপনাকে নিয়ে একটা স্টেটমেন্ট দিলেন, এরপর আবার সেটা ফেরত নিলেন। এটা নিয়ে কিছু বলার আছে?

চৈতিঃ মন্ত্রী মহোদয়কে আমি দোষ দেই না। উনারা অনেক ধরণের চাপের মধ্যে থাকেন। অনেক কিছু হিসেব করে চলতে হয়। আমার কাছে মনে হয়েছে উনি ভালো মানুষ। এই দেশে উগ্রবাদীদের কাছে সবাই জিম্মি। ওরা সবাইকেই ট্রান্স বলে। অনেক এলাইরাও চাইলে আমাদের নিয়ে কিছু বলতে সাহস পান না উগ্রবাদীদের জন্য। শিক্ষামন্ত্রী আমাকে পুরষ্কার দেওয়ার সময় অনেক অনুপ্রেরণা দিয়েছেন, সমর্থনের আশ্বাস দিয়েছেন। সব উনি নিজে থেকেই করেছেন। উনি যখন ট্রান্স শব্দটা বলেন তখন আমি অনুষ্ঠান থেকে বের হয়ে গিয়েছিলাম কারণ আমি জানতাম এখন সাংবাদিকরা আমাকে ঘিরে ধরবে। আমি সাংবাদিকদের মুখোমুখি হতে চাই নি। আমি শুধু আমার মতন করে বাঁচতে চাই।

কাজীঃ কী ধরণের পরিবর্তন দেখতে চান সামনে?

চৈতিঃ পরিবর্তন কে করবে? আমি পরিবর্তন করার মতন কাউকে দেখি না। একজন মন্ত্রী যেখানে একটা শব্দ বলে নাজেহাল হয়ে যান সেখানে কার কী করার আছে। আমার মনে হয় না এই সরকারের আমলে আর কিছু করা যাবে। কাজ করতে গেলেই বাধা দেওয়া হয়। আমার খুব খারাপ লেগেছে, আমি শুধু একটা এওয়্যার্ড নিতে গিয়েছিলাম, কোন কাজও করতে যাই নি। কমিউনিটির মানুষজন কোথায় যাবে? আমি নতুনদের নিয়ে খুবই চিন্তিত। আমরা সবাই অনেক ঝুঁকির মুখে আছি। সবাইকে নিয়ে চিন্তা হয়। সবাই অর্থনৈতিক সংকটে আছে। এখন আর ট্রান্স মানুষদের কোথাও চাকুরী দেওয়া হয় না। আগে যেসব জায়গায় টুকটাক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল সেখান থেকেও সবার চাকরি চলে গেছে।”

কাজীঃ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

চৈতিঃ ভবিষ্যতে আসলে কিছু দেখছি না। পড়াশোনাটা এতদূর এসে শেষ করলাম, এর চেয়ে বেশি আগানোর স্বপ্ন দেখি না। আমার জীবন নিয়ে আমার অনেক পরিকল্পনা ছিল, স্বপ্ন ছিল। কিন্তু এখন আর এসব পূরণের কোন সম্ভাবনা দেখি না। আমি জীবনের ছন্দ হারিয়ে ফেলেছি। সব ইচ্ছা শেষ হয়ে গেছে।


=====================

সম্পাদকের নোটঃ

বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩২ এ, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এর ব্যাপারে বলা আছেঃ

“আইন অনুযায়ী ব্যতীত ব্যক্তি স্বাধীনতা ও জীবন থেকে কোনো নাগরিককে বঞ্চিত করা যাবে না।”

বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৮ তে ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য বিষয়ে বলা আছেঃ

“(১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না।

(২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করিবেন।

(৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না।

(৪) নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।”

তানিশা ইয়াসমিন চৈতির সংগ্রাম দীর্ঘ দিনের। উনার এই সাম্প্রতিক ঘটনা ঘিরে উনার এই হতাশা। তা স্বত্যেও উনি কাজ চালিয়ে যাচ্ছেন, লড়ে যাচ্ছেন।

Leave a Reply