রাঙ্গামাটি শহরে কলেজে যাওয়ার পথে এক আদিবাসী তরুণীকে লক্ষ্য করে অশালীন যৌন আচরণের অভিযোগ উঠেছে এক সেটেলার বাঙালি ব্যক্তির বিরুদ্ধে। গত রোববার (১ নভেম্বর) সকালে শহরের পুরান চিড়িয়াখানা গলি এলাকায়, চেয়ারম্যান বাংলোর পরবর্তী সড়কে এ ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জানিয়েছেন ভুক্তভোগী তরুণী।
তরুণীর অভিযোগ, কলেজে যাওয়ার পথে ওই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে অশালীন আচরণ করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে লুঙ্গি ও গেঞ্জি পরিহিত মধ্যবয়সী এক ব্যক্তিকে তরুণীর দিকে এগিয়ে যেতে দেখা যায়। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি লুঙ্গির ওপর দিয়ে নিজের যৌনাঙ্গ নাড়াচাড়া করে তাঁকে উদ্দেশ্য করে অশালীন ইঙ্গিত করেন।
নিজের পোস্টে তরুণী জানান, এর আগেও তিনি একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন। মোবাইল ফোনে সমস্যার কারণে আগে ঘটনাগুলো ধারণ করতে না পারায় দীর্ঘদিন ভয়ের মধ্যে চলাফেরা করতে হয়েছে তাঁকে। প্রায় প্রতিদিন গাড়িতে যাতায়াত করলেও গাড়ি না পেলে বা কলেজে যেতে দেরি হলে তাঁকে হেঁটে যেতে হয়। রাস্তার খারাপ অবস্থার কারণে নিয়মিত যানবাহন না পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তরুণীর দাবি, এ নিয়ে তিন থেকে চারবার একই ধরনের ঘটনার শিকার হয়েছেন তিনি। সর্বশেষ ঘটনায় তাঁর পেছনে আরেকজন নারী থাকায় নিজেকে কিছুটা নিরাপদ মনে করেছিলেন। ভবিষ্যতে নিজের কিংবা অন্য কোনো নারীর সঙ্গে আরও গুরুতর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ভুক্তভোগী অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় নারী ও কলেজছাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সড়কে পুলিশি টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তিনি।
পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারী ও কিশোরীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও সহিংসতার অভিযোগ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা এবং অভিযুক্তদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সর্বশেষ ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য, কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়েছে কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রঃ আদিবাসী বার্তা

Leave a Reply