ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইজন ব্যক্তিকে কুইয়্যার সন্দেহে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাদের “সমকামী” সন্দেহে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে, শারীরিক আক্রমণ ও নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়।
কিন্তু এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তাঁরা সমকামী ছিলেন কি না, সেটি নয়। প্রশ্ন হলো, যদি তারা সমকামী হয়েও থাকেন, তারপরও কোনো সাধারণ নাগরিক, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা অতিথিকে আটক, জিজ্ঞাসাবাদ, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন বা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করার ক্ষমতা কে দিল?
উত্তরটি সহজ।
কেউ না। কোনো আইনই সেই ক্ষমতা দেয় না।
বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের আইনের সুরক্ষা, ব্যক্তিস্বাধীনতা, গোপনীয়তা এবং যথাযথ আইনি প্রক্রিয়ার নিশ্চয়তা পাওয়ার অধিকার দেয়। ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারাতেও ব্যক্তিগতভাবে কাউকে আটক করার সুযোগ অত্যন্ত সীমিত। কারও পরিচয়, সম্পর্ক বা ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা বা সন্দেহের ভিত্তিতে তাঁকে আটক করা, জিজ্ঞাসাবাদ করা, ভয়ভীতি প্রদর্শন করা বা স্বীকারোক্তি দিতে বাধ্য করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই।
তাহলে প্রশ্ন হলো, কেন বারবার কিছু মানুষ নিজেদের সেই ক্ষমতার অধিকারী বলে মনে করছেন?
২৪-পরবর্তী বাংলাদেশে পরিচয়, বিশ্বাস ও জীবনযাপনের প্রশ্নে সংখ্যাগরিষ্ঠতার দম্ভে পরিচালিত নিপীড়নমূলক জনতার বিচারের অভিযোগ একাধিকবার সামনে এসেছে। কিন্তু বহু ক্ষেত্রেই রাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল অস্পষ্ট, বিচ্ছিন্ন কিংবা নীরব। অনেক সময় “এটি আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না” ধরনের বক্তব্যের আড়ালে পরিচয়ভিত্তিক বিদ্বেষ ও সহিংসতার বিরুদ্ধে কোন স্পষ্ট অবস্থান দেখা যায়নি। এই নীরবতা শুধু প্রতিক্রিয়ার অভাব নয়। এটি এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তারা আইনের ঊর্ধ্বে দাঁড়িয়ে অন্য মানুষের পরিচয়, বিশ্বাস, সম্পর্ক বা জীবনযাপন বিচার, শাসন ও নিয়ন্ত্রণ করার অধিকার রাখে।
এই কারণেই ঘটনাটি শুধু দুইজন মানুষের হয়রানির অভিযোগ নয়। এটি আইনের শাসন, নাগরিক স্বাধীনতা এবং রাষ্ট্রীয় কর্তব্যের প্রশ্ন।
অভিযোগ অনুযায়ী, প্রধান আক্রমণকারীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। অভিযোগ সত্য হলেও তার দায়ভার পুরো বিভাগের নয়। তবে এমন একটি বিভাগের শিক্ষার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে বিভাগ ও বিভাগের শিক্ষকদের সামনে একটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্নও তৈরি হয়।
এই অভিযোগের প্রেক্ষাপটে বিভাগ ও বিভাগের শিক্ষকদের নৈতিক দায়িত্ব হলো পরিচয়ভিত্তিক হয়রানি, ভয়ভীতি এবং আইনবহির্ভূত বিচারের বিরুদ্ধে একটি স্পষ্ট ও প্রকাশ্য অবস্থান নেওয়া। মানবাধিকার, বৈচিত্র্য ও সমতার শিক্ষা যদি কেবল পাঠ্যসূচি, গবেষণাপত্র ও সেমিনারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, আর বাস্তবের অন্যায়ের মুখে নীরব হয়ে যায়, তাহলে সেই শিক্ষার নৈতিক শক্তি প্রশ্নবোধক হয়ে উঠে।
একই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার জায়গা নয়। এটি নাগরিক অধিকার চর্চারও একটি পরিসর। সেখানে যদি শিক্ষার্থীরা নিজেরাই নির্ধারণ করতে শুরু করেন কে “নৈতিক”, কে “অনৈতিক” কিংবা কে “সন্দেহভাজন”, এবং সেই ভিত্তিতে কাউকে জিজ্ঞাসাবাদ বা ভয়ভীতি প্রদর্শন করেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আইনগত কর্তব্য কোথায় দাঁড়ায়? পরিচয়ভিত্তিক হয়রানি ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের কার্যকর নীতি, জবাবদিহি এবং নিরাপত্তা নিশ্চিত করাও এখন সময়ের দাবি।
রাষ্ট্রের কাছেও প্রশ্ন রয়েছে। শাহবাগে কুইয়্যার মানুষের ওপর একাধিক হামলার অভিযোগের পরও কার্যকর তদন্ত, জবাবদিহি ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন রয়ে গেছে। রাষ্ট্র কি স্পষ্টভাবে বলতে প্রস্তুত যে কোনো নাগরিককে তাঁর প্রকৃত বা অনুমিত যৌন অভিমুখিতা, ধর্ম, জাতিসত্তা, মতাদর্শ বা অন্য কোনো পরিচয়ের কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আটক, জিজ্ঞাসাবাদ বা তথাকথিত নৈতিক বিচারের মুখে ফেলতে পারে না?
এই প্রশ্ন শুধু কুইয়্যার মানুষের নয়। এই প্রশ্ন বাংলাদেশের প্রতিটি নাগরিকের।
আজ যদি কারও অনুমিত যৌন অভিমুখিতার কারণে তাকে লক্ষ্যবস্তু বানানো যায়, কাল একই যুক্তিতে আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, ভিন্নমতাবলম্বী, বাস্তুহারা, বস্তিবাসী কিংবা অন্য যেকোনো প্রান্তিক মানুষকে তাঁর পরিচয়, ভাষা, পোশাক, পেশা, সম্পর্ক বা ব্যক্তিগত স্বাধীনতার প্রকাশের কারণে লক্ষ্যবস্তু বানানো যেতে পারে। বাস্তবতা হলো, বাংলাদেশের বহু প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এসব ঘটনার অনেক ক্ষেত্রেই রাষ্ট্রীয় জবাবদিহি, স্পষ্ট নিন্দা এবং ধারাবাহিক গণ সমালোচনা অনুপস্থিত থাকে। এই নীরবতা শুধু ভুক্তভোগীদেরই একা করে দেয় না। অন্যায়কারীদেরও সাহস জোগায়।
যেদিন কোনো মানুষকে জনসম্মুখে নিজের পরিচয় বা ব্যক্তিগত জীবনকে বৈধ প্রমাণ করতে হয়, সেদিন শুধু একজন মানুষের অধিকার লঙ্ঘিত হয় না। সেদিন পরাজিত হয় আইনের শাসন।
নিপীড়নের সবচেয়ে বড় বিপদ হলো, তা কখনো প্রথম লক্ষ্যবস্তুতে থেমে থাকে না।
আজ যে আগুন দূর থেকে দেখতে পাচ্ছেন, সেটি শুধু অন্যের ঘর পুড়িয়ে থেমে থাকবে, এমন নিশ্চয়তা নেই।
ইতিহাসের শিক্ষা খুব নির্মম। পরিচয়কে অপরাধ বানানো আগুন একসময় সবার দোরগোড়ায় পৌঁছে যায়।

Leave a Reply