আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথি, হাসপাতালের রেকর্ড ও চিকিৎসকের ব্যবস্থাপত্র থেকে নারীদের প্রকৃত নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। নারীদের নামের পরিবর্তে ‘বিবি’—অর্থাৎ দাদি বা বয়স্ক নারী—ব্যবহার করতে বলা হয়েছে। একই সঙ্গে কিছু ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ ও ‘গরু’র মতো প্রাণীবাচক অবমাননাকর শব্দে সম্বোধনের অভিযোগও উঠেছে। নারী অধিকারকর্মীদের মতে, এটি কেবল ভাষাগত অপমান নয়; বরং নারীদের স্বতন্ত্র মানবিক পরিচয় মুছে দিয়ে তাঁদের পুরুষের অধীন সত্তা বা সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের ২৩ নভেম্বর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানের যৌথ অনুসন্ধানেও বালখ প্রদেশে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার নির্দেশনার কথা প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রদেশটির হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নারীদের প্রকৃত নাম লেখা বা উচ্চারণ না করে ‘বিবি’ বলে সম্বোধন করতে বলা হয়েছে। নির্দেশনাটি চিকিৎসার ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিতেও প্রযোজ্য বলে জানা গেছে।

তবে বিষয়টি শুধু ‘বিবি’ সম্বোধনের মধ্যেই সীমাবদ্ধ নয় বলে জানিয়েছেন জার্মানিতে অবস্থানরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি। এল পাইসকে তিনি বলেন, নারী, চিকিৎসক ও নাগরিক অধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন সাক্ষ্যে উঠে এসেছে, কিছু ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ ও ‘গরু’র মতো অবমাননাকর প্রাণীবাচক শব্দেও উল্লেখ করা হচ্ছে। তাঁর মতে, নারীদের নামের পরিবর্তে প্রাণীর নাম ব্যবহার করা তাঁদের মানবিক মর্যাদা অস্বীকারের একটি পদ্ধতিগত প্রচেষ্টা।

ওসমানি এই প্রক্রিয়াকে ‘কাঠামোগত অমানবিকীকরণ’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, একজন নারীর নাম মুছে দিয়ে তাঁকে প্রাণীর নামে পরিচিত করা হলে তাঁর স্বতন্ত্র মানবিক পরিচয় অস্বীকার করা হয় এবং তাঁকে কেবল জৈবিক সত্তা কিংবা পুরুষের সম্পত্তি হিসেবে দেখার প্রবণতা প্রতিষ্ঠা পায়। তিনি বলেন, একজন মানুষকে অমানবিক করে তোলার প্রথম ধাপই হলো তাঁর নাম কেড়ে নেওয়া।

কাবুলের এক নারী অধিকারকর্মীও এল পাইসকে নির্দেশনাটির সত্যতা নিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন। তবে তাঁর বক্তব্য অনুযায়ী, কিছু এলাকায় এখনো নির্দেশনাটি কার্যকরভাবে অনুসরণ করা হচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক নারী অধিকার সংগঠন ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করেছেন, বালখে স্থানীয়ভাবে শুরু হওয়া এই বিধিনিষেধ ভবিষ্যতে দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তাঁর মতে, আফগানিস্তানে এর আগেও স্থানীয় পর্যায়ে শুরু হওয়া নারীবিরোধী বিধিনিষেধ পরে জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হয়েছে।

নারীদের নাম সরকারি নথি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রভাব শুধু সামাজিক পরিচয়ের সংকটে সীমাবদ্ধ নয়। বিশেষ করে চিকিৎসাসেবায় এর গুরুতর পরিণতি হতে পারে। একই নামে বা পরিচয়হীনভাবে একাধিক রোগীর ব্যবস্থাপত্র ও চিকিৎসার নথি সংরক্ষণ করা হলে রোগী শনাক্তকরণে বিভ্রান্তি এবং ভুল চিকিৎসার ঝুঁকি তৈরি হতে পারে।

ওসমানি সতর্ক করেছেন, হাসপাতালের রেকর্ডে একাধিক নারীকে শুধু ‘বিবি’ নামে চিহ্নিত করা হলে তাঁদের চিকিৎসার ইতিহাস, রোগনির্ণয় ও ব্যবস্থাপত্রের মধ্যে গুলিয়ে ফেলার আশঙ্কা থাকবে। রোগীর সঠিক পরিচয় নিশ্চিত করতে না পারলে চিকিৎসার ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। ফলে নাম মুছে ফেলার এই নির্দেশনা নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকেও ঝুঁকির মধ্যে ফেলছে।

আফগানিস্তানে নারীদের স্বাস্থ্যসেবা এমনিতেই নানা বিধিনিষেধের মধ্যে রয়েছে। নারী চিকিৎসকের সংখ্যা সীমিত হওয়ার পাশাপাশি ২০২৪ সালের ডিসেম্বরে তালেবান কর্তৃপক্ষ নারীদের চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ বন্ধ করে দেয়। বিভিন্ন এলাকায় নারী রোগীদের চিকিৎসায় পুরুষ চিকিৎসকদের অংশগ্রহণ নিয়েও বিধিনিষেধের খবর প্রকাশিত হয়েছে। এ পরিস্থিতিতে নারীদের চিকিৎসা-সংক্রান্ত নথিতে তাঁদের নিজস্ব নাম ব্যবহার বন্ধ হলে স্বাস্থ্যসেবার সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

নাম না থাকার কারণে চিকিৎসার বাইরেও নারীদের আইনি ও পারিবারিক অধিকার প্রতিষ্ঠায় জটিলতা তৈরি হতে পারে। এল পাইসের প্রতিবেদনে আফগান সাংবাদিক খাদিজা আমিনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তাঁর সন্তানদের জন্মসনদে মায়ের নাম অন্তর্ভুক্ত ছিল না। ২০২৪ সালে সন্তানদের সঙ্গে দেখা করার আইনি প্রক্রিয়া শুরু করতে জার্মানির পুলিশের কাছে গেলে তিনি নিজের মাতৃত্বের পরিচয় প্রমাণের প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। ফলে তাঁর অভিযোগ গ্রহণের প্রক্রিয়া বিলম্বিত হয়। পরবর্তী সময়ে সাবেক স্বামী সন্তানদের নিয়ে আফগানিস্তানে ফিরে যাওয়ায় তাঁদের সঙ্গে যোগাযোগ আরও কঠিন হয়ে পড়ে।

আফগানিস্তানে নারীদের নিজেদের নাম প্রকাশ্যে উচ্চারণ না করার রক্ষণশীল সামাজিক রীতি দীর্ঘদিনের। কিছু গোত্রভিত্তিক সংস্কৃতিতে নারীর নাম প্রকাশ্যে বলা তাঁর স্বামী বা পরিবারের সম্মানের পরিপন্থী বলে বিবেচিত হয়। বিয়ের আমন্ত্রণপত্র, পারিবারিক নথি এমনকি কবরের ফলকেও অনেক নারীকে নিজের নামের পরিবর্তে ‘অমুকের স্ত্রী’ বা ‘অমুকের মেয়ে’ হিসেবে পরিচয় দেওয়া হয়।

তবে এই সামাজিক রীতিকে ধর্মীয় বাধ্যবাধকতা হিসেবে দেখার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন নারী অধিকারকর্মীরা। পবিত্র কোরআনের ১৯তম সূরার নাম ‘মারইয়াম’; সেখানে মারইয়ামের নাম একাধিকবার উল্লেখ করা হয়েছে। ফলে নারীর নাম প্রকাশ্যে ব্যবহার না করার বিষয়টি মূলত সামাজিক ও গোত্রভিত্তিক রক্ষণশীলতার সঙ্গে সম্পর্কিত।

২০১৭ সালে লালাহ ওসমানি আফগান নারীদের স্বতন্ত্র পরিচয় ও নাম সরকারি নথিতে অন্তর্ভুক্ত করার দাবিতে ‘হোয়ার ইজ মাই নেম’ (Where Is My Name) প্রচারাভিযান শুরু করেন। শিশুদের জন্মসনদসহ বিভিন্ন সরকারি নথিতে মায়ের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে শুরু হওয়া এ প্রচারণা তাঁকে হুমকির মুখেও ফেলে। ওসমানি জানান, প্রচারণা বন্ধ না করলে তাঁর পরিণতিও ভয়াবহ হবে—এমন হুমকির অংশ হিসেবে তাঁকে এক নারীর নির্যাতিত মরদেহের ছবি পাঠানো হয়েছিল।

তবু প্রচারণা চালিয়ে যান তিনি। এর ধারাবাহিকতায় ২০২০ সালের সেপ্টেম্বরে তৎকালীন আফগান সরকার শিশুদের জন্মসনদসহ কিছু নথিতে মায়েদের নাম স্বেচ্ছায় যুক্ত করার অনুমোদন দেয়। ওসমানির মতে, তখন শহরাঞ্চল ও তরুণ প্রজন্মের মধ্যে নারীদের নাম ব্যবহারকে সম্মান, আধুনিকতা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে দেখার প্রবণতা বাড়ছিল।

কিন্তু ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাচল ও জনপরিসরে অংশগ্রহণের ওপর ধারাবাহিক বিধিনিষেধ আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ফেমেনার হিসাবে, তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের অধিকার সীমিত করে এমন ১৪৪টির বেশি নির্দেশনা ও বিধিনিষেধ নথিভুক্ত হয়েছে। নতুন করে নাম ব্যবহারে নিষেধাজ্ঞার অভিযোগ সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন অধিকারকর্মীরা।

একজন নারীর নাম শুধু তাঁকে সম্বোধনের মাধ্যম নয়; এটি তাঁর ব্যক্তিসত্তা, আইনি পরিচয়, পারিবারিক সম্পর্ক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভিত্তি। সরকারি নথিতে নাম না থাকলে সম্পত্তির অধিকার দাবি, চিকিৎসার ইতিহাস সংরক্ষণ, সন্তানদের সঙ্গে আইনি সম্পর্ক প্রমাণ কিংবা বিচার চাইতে গিয়ে একজন নারীকে বাড়তি বাধার মুখে পড়তে হতে পারে।

ওসমানি এল পাইসকে বলেন, নামহীন একজন মানুষ নিজের স্বপ্ন, সম্পত্তি বা ন্যায়বিচারের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে পারেন। তিনি আরও জানান, এক আফগান ব্যক্তি তাঁকে বলেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিজের মায়ের নাম জানতেন না; পরিবারের কেউ কখনো তাঁকে নাম ধরে ডাকেনি। মায়ের মৃত্যুর পর তিনি প্রথমবার তাঁর নাম জানতে পারেন।

নারীর নাম ব্যবহারকে তাই কেবল ব্যক্তিগত পছন্দ বা সম্বোধনের প্রশ্ন হিসেবে দেখছেন না অধিকারকর্মীরা। তাঁদের মতে, নামের স্বীকৃতি একজন নারীর অস্তিত্ব ও স্বাধীন সত্তার স্বীকৃতির সঙ্গে জড়িত। ওসমানির ভাষায়, আফগানিস্তানে একজন নারীকে তাঁর প্রকৃত নামে ডাকা এখন প্রতিরোধেরও একটি প্রকাশ।

এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার নির্দেশনাটি বালখ প্রদেশকেন্দ্রিক। দেশজুড়ে একই নির্দেশনা কার্যকর হয়েছে—এমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ‘ছাগল’ ও ‘গরু’ বলে সম্বোধনের বিষয়টি অধিকারকর্মীদের কাছে পাওয়া সাক্ষ্যভিত্তিক অভিযোগ; এগুলোকে তালেবানের আনুষ্ঠানিক লিখিত নির্দেশের ভাষা হিসেবে নিশ্চিত করা যায়নি। তবে নারীদের নাম সরকারি ও চিকিৎসাসংক্রান্ত নথি থেকে বাদ দেওয়ার অভিযোগ আফগানিস্তানে তাঁদের পরিচয়, মর্যাদা ও অধিকার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

প্রধান সূত্র

Leave a Reply